• নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের ভেতর বাস, গাছ হয়ে উঠল যাত্রীদের 'রক্ষাকবচ'
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • একটি গাছ বড়সড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা করল মানুষকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল এবং ঘন জঙ্গলে ঢাকা একটি রাস্তায়। রবিবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার জঙ্গলমহলে। রানিবাঁধে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই বেসরকারি বাসটি। রবিবার রানিবাঁধ থেকে বান্দোয়ানের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। পথে রানিবাঁধের ১২ মাইল জঙ্গল পেরিয়ে গুনপুরা ঢোকার আগেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ঝোপের মধ্যে ঢুকে পড়ে বাসটি। ঝোপের মধ্যেই ছিল একটি বড় গাছ গয়ে ওঠে বাসটির রক্ষাকবচ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশের একটি বড় গাছে গিয়ে আটকে যাওয়ায় সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে একজনের হাত ভেঙেছে বলে জানা গিয়েছে। তবে বড়সড় কোনও হতাহতের খবর নেই। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শী শরৎ মান্ডি জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রানিবাঁধ থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় বাসের গতি নিয়ন্ত্রণে সমস্যা হওয়াতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারান, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই জঙ্গলপথে যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। যদিও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। যান চলাচল হয়েছে স্বাভাবিক।”

    এদিকে, অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসের যাত্রীরা। অনেকেই জানান, রাস্তার ধারের বড় গাছটি না থাকলে বাসটি আরও গভীর জঙ্গলে কিংবা খাদে পড়ে বড়সড় বিপদ ঘটতে পারত। স্থানীয়দের একাংশ ওই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের কাছে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)