ফিল্মি কায়দায় তাণ্ডব! একই রাতে ৫ দোকানে দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়, গায়েব লক্ষাধিক টাকার সামগ্রী
News18 বাংলা | ২৫ মে ২০২৬
: গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন সিনেমার কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বলরামপুরের বেড়মা চেক পোস্ট সংলগ্ন এলাকায়। একই রাতে পরপর পাঁচটি দোকানের টিন ও অ্যাসবেস্টস কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অত্যন্ত পরিকল্পিতভাবেই এই চুরি সংঘটিত হয়েছে। প্রতিটি দোকানের ছাউনির অংশ কেটে ভিতরে ঢোকার ধরন দেখে অনুমান, ঘটনার পিছনে পেশাদার চোর চক্রের হাত রয়েছে। চুরি হওয়া দোকানগুলির মধ্যে রয়েছে স্টেশনারি দোকান, অনলাইন ও জেরক্স সেন্টার, এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র-সহ মোট পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
এ বিষয়ে এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সোমনাথ সেন বলেন, তাঁর দোকান থেকে জেরক্স মেশিন, ব্যাঙ্কিং পরিষেবার বিভিন্ন যন্ত্রপাতি, একটি ল্যাপটপ, প্রায় ১০ হাজার টাকা নগদ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফলে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্যও নষ্ট করার চেষ্টা হয়েছে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, একটি অনলাইন ও জেরক্স সেন্টার থেকেও মেরামতের জন্য রাখা একাধিক পুরনো মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলেও দোকান মালিকের কাছ থেকে জানা গিয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের ছাউনি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ব্যবসায়ীদের খবর দেন। এরপর একে একে সামনে আসে ধারাবাহিক চুরির চাঞ্চল্যকর ঘটনা। ঘনবসতিপূর্ণ বেড়মা এলাকায় একই রাতে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী মহল। এলাকাবাসীর প্রশ্ন, এত বড় ঘটনা ঘটলেও রাতে কোনও শব্দ বা সন্দেহজনক নড়াচড়া কারও নজরে পড়ল না কেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
খবর পেয়ে রবিবার সকাল বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।