• পুরুলিয়ায় এবার অ্যাকশনে বুলডোজার! জবরদখল-যানজট এখন ছুমন্তর, নতুন সরকার গড়তেই রণংদেহী প্রশাসন
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • : শহরকে দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি জবরদখলের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ উচ্ছেদ অভিযান। প্রশাসনের এই অভিযানে ব্যবহার করা হচ্ছে বুলডোজারও। ফলে শহর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল মোড়, ভিক্টোরিয়া মোড়, কোর্ট মোড়, হাটের মোড়-সহ শহরের একাধিক ব্যস্ত এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি ও রাস্তার ধারে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী শেড, টিনের ঘর ও অন্যান্য অবৈধ পরিকাঠামো চিহ্নিত করা হয়। এরপরই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, পুরসভা কর্মী ও পুলিশ বাহিনী। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয় রাস্তা, ফুটপাথ ও সরকারি জমি অবিলম্বে দখলমুক্ত করার জন্য। প্রশাসনের স্পষ্ট বার্তা, শহরের সৌন্দর্য বজায় রাখা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমানোর স্বার্থেই এই অভিযান চালানো হচ্ছে। নির্দেশ অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়েছে।

    এ বিষয়ে শহরের বাসিন্দা হিমাদ্রি মাহাতো বলেন, “প্রতিদিনই রাস্তার ধারে নতুন নতুন দোকান তৈরি হচ্ছিল। এর ফলে রাস্তা ক্রমশ সরু হয়ে যাচ্ছে এবং যানজট বেড়ে চলেছে। সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ খুবই ইতিবাচক। এতে শহরের শৃঙ্খলা ফিরবে এবং ফুটপাথ দখলমুক্ত হবে।” স্থানীয় ব্যবসায়ীদের একাংশ অবশ্য দাবি করেছেন, উচ্ছেদের আগে পর্যাপ্ত সময় ও বিকল্প ব্যবস্থা দেওয়া উচিত ছিল। যদিও প্রশাসনের তরফে জানান হয়েছে, আগেই একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তারপরও নির্দেশ না মানায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    নতুন সরকার গঠনের পর প্রশাসনের এই কড়া অবস্থানকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের বেআইনি দখলদারির বিরুদ্ধে এই অভিযান শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী দিনেও এই ধরনের উচ্ছেদ অভিযান আরও জোরদার হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
  • Link to this news (News18 বাংলা)