কেকেআর জার্সিতে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন রাহানে, বরখাস্ত করা হতে পারে কোচ নায়ারকেও
প্রতিদিন | ২৫ মে ২০২৬
ইডেনের গ্যালারিতে বসে তখন অনেকের নজর ওয়াংখেড়েতে। মোবাইলে তাঁরা বারবার স্কোর দেখছেন। সূর্যকুমার যাদব আউট হওয়ার পরই অদ্ভুত এক নিঃস্তবব্ধতা। ওয়াংখেড়েতে ততক্ষণে ম্যাচের লিখন স্পষ্ট। মুম্বই ইন্ডিয়ান্স হারছে। একইসঙ্গে এবারের মতো আইপিএল অভিযান শেষ কেকেআরের। রবিবার ইডেনে শেষটাও সুখের হল না। দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়েই অভিযান শেষ। একইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে আর কোচ অভিষেক নায়ারের ভবিষ্যৎ নিয়েও।
মরশুম শেষে ব্যাটার আর অধিনায়ক রাহানেকে নিয়ে একেবারেই খুশি নয় নাইট ম্যানেজমেন্ট। অন্য টিমের ওপেনাররা যেখানে দু’শো-আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন, সেখানে রাহানে স্ট্রাইক রেট মন্থরতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাঁর অধিনায়কত্ব নিয়েও একইরকম অসন্তোষ রয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে নাইট ম্যানেজমেন্টের অনেকেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন, তাঁদের বেশ কয়েকটা ম্যাচ হারতে হয়েছে ক্যাপ্টেনের কিছু ভুল সিদ্ধান্তের জন্য। কারও কারও মনে হচ্ছিল, এদিন প্রেস কনফারেন্সে এসে অবসর না ঘোষণা করে দেন রাহানে। সেসব কিছুই হয়নি। বরং রাহানে শুনিয়ে গেলেন, তাঁর টিম যেভাবে প্রত্যাবর্তন করেছে, তাতে তিনি খুশি। একইসঙ্গে এটাও বলে দিলেন, চাপের মুখে কখনওই তিনি দায়িত্ব ছেড়ে দেন না।
রাহানে বলছিলেন, “প্রথম ছ’টা ম্যাচ আমরা হেরেছিলাম। কিন্তু তারপর দল যেভাবে কামব্যাক করেছে, সেটাই বুঝিয়ে দেয় এই টিমের চারিত্রিক দৃঢ়তা ঠিক কতটা। অনেক ইতিবাচক দিক রয়েছে। কার্তিক ত্যাগী, অনুকূল রায় থেকে শুরু করে অনেকে ভালো পারফর্ম করেছে। আর কঠিন পরিস্থিতির সময় আমি শুধু কথাই টিমকে বলেছিলাম, একটা জয় সবকিছু বদলে দিয়ে যেতে পারে। আর আমি কখনওই চাপের মুখে দায়িত্ব ছেড়ে দিই না। চাপের মুখে পালিয়ে যাওয়ার ছেলে আমি নেই। বরং নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। জানতাম আমরা কামব্যাক করতে পারব।” তবে রাহানে নিজে যা-ই বলে যান না কেন, পরের মরশুমে তাঁকে কেকেআর জার্সিতে দেখা যাবে, তার কোনও নিশ্চয়তা নেই।
একইরকম পরিস্থিতি কোচ নায়ারেরও। একটা সময় কেকেআরের অতীব কাছের ছিলেন নায়ার। তাঁকে অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয়েছিল। টিমের সাপোর্ট স্টাফে রাখা হয়েছিল। চন্দ্রকান্ত পণ্ডিতের চলে যাওয়ার পর এবার তাঁকে হেডকোচ করেছে কেকেআর। কিন্তু তাঁর পারফরম্যান্স আতশকাচের নিচে। নায়ার সম্পর্কে বলা হচ্ছে, যে যে টিমের হেডকোচের দায়িত্বে এখনও পর্যন্ত ছিলেন, তারা কেউই ভালো কিছু করতে পারেনি। নায়ারের যে জিনিসটা সবচেয়ে ভালো, সেটা হল প্লেয়ার ম্যানেজমেন্ট। এর আগে রোহিত শর্মার মতো তারকার সঙ্গে কাজ করেছেন। সেটা করা আর আইপিএলে কেকেআরের মতো পুরো টিমের দায়িত্ব সামলানো এক জিনিস নয়। দু’টো সম্পূর্ণ আলাদা। আইপিএলে কেকেআরের দায়িত্ব সামলানো বিশাল চাপের।
অনেকেরই মনে হচ্ছে সেই চাপটা নায়ার একেবারেই সামলাতে পারছেন না। কেকেআরের মালিকের কাছে পুরো মরশুম নিয়ে একটা রিপোর্ট জমা পড়তে চলেছে। সেই রিপোর্টে নায়ার কিংবা রাহানে – দু’জনের কেউই খুব বেশি নম্বর পাননি। বরং এখন থেকেই বলাবলি শুরু হয়ে গিয়েছে, নায়ারের মতো অনভিজ্ঞ কাউকে আর দায়িত্বে রাখা উচিত নয় কেকেআরের। বরং নতুন কাউকে নিয়ে আসা হোক। যা শোনা গেল, তাতে রিভিউ বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। ওই বৈঠকেই ঠিক হয়ে যাবে দুই মুম্বইকরের দায়িত্ব।