ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের। এই নিয়ে ১০ দিনের মধ্যে চতুর্থবার দাম বাড়ল জ্বালানি তেলের। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বাড়ল ২.৮৭ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২.৮০ টাকা। বর্তমানে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হল ১১৩ টাকা ৫১ পয়সা। ১ লিটার ডিজেল মিলবে ৯৯ টাকা ৮২ পয়সা।
বঙ্গে ভোটপর্বে মেটার পর গত ১৫ মে দেশে একধাক্কায় প্রায় ৩ টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রলের দাম। এরপর ১৯ মে আরও ৯০ পয়সা করে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এই ঘটনায় দেশব্যাপী বিতর্ক মাথাচাড়া দিলেও থামেনি কেন্দ্র ২৩ মে শনিবার ফের ৮৭ পয়সা দাম বাড়ানো হয় পেট্রলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় ৩ টাকা বাড়ানো হয়ল জ্বালানি তেলের দাম। যার জেরে গত ১০ দিনে ৭ টাকার বেশি দামবৃদ্ধি হল জ্বালানি তেলের। যার জেরে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। এবং লিটার পিছু ডিজেল হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।
কলকাতার পাশাপাশি দিল্লিতে পেট্রল লিটার পিছু বেড়েছে ২.৬১ টাকা ও ডিজেল ২.৭১ টাকা বেড়েছে। যার জেরে রাজধানী শহরে জ্বালানি তেলের নতুন দাম হয়েছে, পেট্রল ১০২.১২ টাকা ও ডিজেল ৯৫.২০ টাকা। মুম্বইতে পেট্রলের দাম ২.৭২ টাকা বেড়ে হয়েছে ১১১.২১ টাকা। ডিজেল ২.৮১ টাকা বেড়ে দাম হয়েছে ৯৭.৮৩ টাকা। চেন্নাইতে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। এবং ডিজেল ২.৫৭ টাকা বেড়ে হয়েছে ৯৯.৫৫ টাকা। মাত্র ১০ দিনের ব্যবধানে ৭ টাকার বেশি জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত আমজনতার। বাসের ভাড়া বাড়াতে চেয়ে সরকারকে চিঠি দিচ্ছে বাসচালকদের সংগঠন। এহেন পরিস্থিতিতে জনতার ঘাড়ে ফের মূল্যবৃদ্ধির বোঝা চাপল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ইরান যুদ্ধ ও হরমুজ সংকটের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্বজুড়ে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দেশের তেলের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল তৈল সংস্থাগুলি। এরপর ভোটপর্ব মিটতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার দফায় দফায় বাড়ানো হচ্ছে সেই দাম। তবে জ্ব্বলানি তেলের দাম বাড়লে শুধু পরিবহণ খরচ বাড়ে না, সার্বিক জীবনযাপনে এর বিরাট প্রভাব পড়ে। ইতিমধ্যেই জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে দুধ ও রুটির।