একসময় তার ভয়ে কাঁটা হয়ে থাকত আমজনতা। বলা ভালো, তার ভয়ে যেন বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। বাংলায় সরকারের পালাবদলের পর বদলে গিয়েছে ছবি। সেই ‘ডন’ই যেন আজ ভিজে বেড়াল! পরনে অন্তর্বাস, নেড়া মাথায় ‘দাবাং’ পুলিশের সঙ্গে উত্তর হাওড়ার ভরা বাজার ঘুরল কুখ্যাত দুষ্কৃতী। চোখ তুলে তাকানোর সাহস পেল না সে। অনেকেই বলছেন, “এবার বোঝো কত ধানে কত চাল।”
ধৃত আকাশ সিং। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। একসময় উত্তর হাওড়া এলাকায় বোমাবাজি, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকত সে। কমপক্ষে ২০টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও নাকি নাম জড়িয়েছিল আকাশের। এলাকাবাসীর কাছে ‘ত্রাস’ বলেই পরিচিত ছিল সে। এতদিন নাকি এলাকায় কোনও খোঁজই ছিল না তার। পুলিশের খাতায় নাম থাকলেও, তাকে ধরপাকড় ছিল দূর অস্ত। শুধু তাই নয়, আকাশের বিরুদ্ধে অভিযোগও নাকি নিতে কিছুটা অপ্রস্তুত বোধ করত পুলিশ।
তবে রাজ্যে পালাবদলের পরই বদলে গিয়েছে ছবি। চলতি মাসের শুরুর দিকই তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। ২০২১ সালে হামলার ঘটনায় পুনর্নির্মাণও করা হয়। সে কারণে রবিবার আকাশে উত্তর হাওড়ার অলিগলিতে ঘোরানো হয়। কুখ্যাত দুষ্কৃতীর পরনে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার। যে আকাশ এতদিন থমকে-চমকে ঘুরে বেড়াত, সে বর্তমানে মাথা একেবারে নিচু করে পুলিশের সঙ্গে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখে থমকে যান অনেকেই। আকাশের ‘অদৃষ্টের ফের’ দেখে মুচকি হাসেনও কেউ কেউ। বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশের গায়ে হাত দিলে কেউ রেহাই পাবে না। পুলিশকে দুর্নীতি দমনে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। তারপর থেকেই কুখ্যাত দুষ্কৃতীদের ধরপাকড় লেগেই রয়েছে।