জনতার প্লেটে মাছভাজা তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক
eTV Bharat | ২৫ মে ২০২৬
চালসা, 24 মে: মাছে ভাতে বাঙালির হৃদয় জয় করে বাংলার মসনদে বসেছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপির প্রতিটি উদযাপন আয়োজনের মূল কেন্দ্রে রয়েছে মাছভাজা থেকে মাছের ঝোল। আজ সেই ছবি ধরা পরল চালসায়। চালসার WBPTGEA ভবনে বিজেপির আয়োজিত "মাছে ভাতে সংবর্ধনা" সভার মূল কেন্দ্রে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
সভায় সংবর্ধনা গ্রহণ করে নিজের বক্তব্যে সেই মাছ-ভাত প্রসঙ্গ টেনে আনেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁর কথায়, "তৃণমূল বলেছিল বিজেপি ক্ষমতায় এলে বাঙালি মাছ-ভাত খেতে পারবে না। কিন্তু সভাস্থলে উপস্থিত হয়ে মাছের আয়োজন দেখে মনে হচ্ছে যত তাড়াতাড়ি বক্তব্য শেষ করা যায় তত ভালো।" নিশীথের বক্তব্যে আগা গড়াই ছিল তৃণমূলের প্রতি আক্রমণ। তাঁর কথায়, "উত্তরবঙ্গের বিপুল সম্ভাবনাকে কোনওভাবেই কাজে লাগায়নি তৃণমূলের সরকার। আমরা দ্রুত এই বিষয়ে কাজ করব।"
সেই সঙ্গে উত্তরবঙ্গের বুকে ক্যানসার হাসপাতাল, এইমস, আইআইটি গড়ে তোলার কাজও দ্রুত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংড়া, বিজেপির সংখ্যালঘু সংগঠনের নেতা মজনুল হক-সহ অন্যান্যরা। এই সভা থেকে পশ্চিম ডুয়ার্সের এই প্রান্তে দ্রুত জিমনেশিয়াম এবং সুইমিং পুল তৈরি করার কথাও ঘোষণা করেন নিশীথ।
সভার শেষে সমর্থকদের প্লেটে মাছ ভাজা তুলে দেন নিশীথ প্রামাণিক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ আবারও তুলে ধরেন মাছ-ভাত প্রসঙ্গ। তাঁর কথায়, "তৃণমূল বলেছিল বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু বিজেপি সরকার রাজ্যে আসার পর বাঙালি-সহ অন্যান্য জাতিরা আজ উৎসবমুখর পরিবেশে রয়েছে। আর তাদের উৎসবের শামিল হতে পেরে আমি আপ্লুত।"
উত্তরবঙ্গের বুকে বর্ষার পরেই অ্যানুয়াল একশন প্ল্যান তৈরি করে উন্নয়নমূলক সমস্ত কাজ শুরু করবে বিজেপি সরকার। সঙ্গে তৃণমূল আমলে করা সমস্ত দুর্নীতির তদন্ত করে সাজা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী। সংকল্প পত্রের প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সব মিলিয়ে মাছ ভাতে উদযাপনে শামিল হয়ে বিজেপি এবং নেতৃত্ব যেন মাছে ভাতে বাঙালির পাশে থাকার বার্তায় দিচ্ছে।