• দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরতে দু'দিনের অপেক্ষা, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
    eTV Bharat | ২৫ মে ২০২৬
  • কলকাতা, 25 মে: আরও কয়েকদিন গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীদের৷ তারপর স্বস্তি মিলতে পারে৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই বলছে৷

    আজকের আবহাওয়া যেমন থাকবে

    আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ও 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

    ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান

    বর্তমানে দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে । বর্তমানে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় রয়েছে । পাশাপাশি দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও ওড়িশা হয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে ৷ যা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

    আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রপাত সহ ঝড় ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে ।

    বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে ।

    আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ।

    দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

    দক্ষিণবঙ্গে পরশু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । বৃহস্পতি থেকে শনিবার ঝড়বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা । ফলস্বরূপ শনিবারের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে । আগামিকাল মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

    পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরমে থাকবে । কলকাতা-সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।

    একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে বেশি । স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যে কোনও জায়গায় স্বল্প সময়ের ঝড়-বৃষ্টি হতে পারে ।

    বুধবার থেকে ছবিটা ধীরে ধীরে বদলাবে । বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা । দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ।

    বৃহস্পতি থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলাতে । বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

    উত্তরবঙ্গের কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস

    আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরে । আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ।

    আগামিকাল মঙ্গলবার ও পরশু বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার-সহ দুই দিনাজপুর জেলাতে । তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে । তুলনামূলক বেশি সম্ভাবনা থাকবে মালদা-সহ নিচের দিকের জেলাগুলিতে ।

    বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

    রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.04 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.09 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 এবং সর্বনিম্ন 65 শতাংশ ।
  • Link to this news (eTV Bharat)