• ফের মহার্ঘ জ্বালানি ! 10 দিনের মধ্যে দাম বাড়ল চারবার
    eTV Bharat | ২৫ মে ২০২৬
  • নয়াদিল্লি, 25 মে: আরও একবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ এ নিয়ে দু'সপ্তাহেরও কম সময়ের মধ্যে মোট চার বার দাম বাড়ল ৷ সোমবার দিল্লিতে পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 61 পয়সা ৷ ডিজেলের দাম বাড়ল 2 টাকা 71 পয়সা ৷ এর আগে শনিবারও দাম বেড়েছিল ৷ সেই হিসেবে মে মাসের 15 তারিখ থেকে আজ 25 তারিখের মধ্যে পেট্রলের দাম লিটার প্রতি 7 টাকা 50 পয়সা বাড়ল ৷ 2022 সালের মে মাসের পর থেকে দাম এতটা কখনও বাড়েনি ৷

    নতুন করে দাম বাড়ার পর দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল 102 টাকা 12 পয়সা ৷ আগে ছিল 99 টাকা 51 পয়সা ৷ ডিজেলের দাম ছিল 92 টাকা 49 পয়সা ৷ এখন হল 95 টাকা 20 পয়সা ৷ মুম্বইতে পেট্রলের নতুন দাম হল 111 টাকা 21 পয়সা ৷ বাড়ল 2 টাকা 72 পয়সা ৷ ডিজেলের দাম হল 97 টাকা 83 পয়সা ৷ বাড়ল 2 টাকা 81 পয়সা ৷ কলকাতায় পেট্রলের দাম 113 টাকা 51 পয়সা ৷ বাড়ল 2 টাকা 87 পয়সা ৷ লিটার প্রতি ডিজেলের দাম 99 টাকা 82 পয়সা ৷ বাড়ল 2 টাকা 80 পয়সা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 107 টাকা 77 পয়সা ৷ বাড়ল 2 টাকা 46 পয়সা ডিজেল 99 টাকা 55 পয়সা ৷ বাড়ল 2 টাকা 57 পয়সা ৷

    পরপর এভাবে দাম বাড়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, "জ্বালানির দাম বাড়ানোর নাম কেন্দ্রীয় সরকার প্রাত্যহিক লুঠ চালাচ্ছে ৷ 10 দিনের মধ্যে পেট্রলের দাম লিটার প্রতি 7 টাকা 35 পয়সা বেড়েছে ৷ ডিজেলের দাম বেড়েছে 7 টাকা 55 পয়সা ৷ সাধারণ মানুষের সঞ্চয়ে হাত দিতেই এভাবে দাম বাড়াচ্ছে সরকার ৷"

    ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে নয়া সঙ্কটের সম্মুখীন বিশ্ব ৷ আমেরিকা-ইজরায়েলের ইরান হানার পর থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি তামাম দুনিয়ার অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে প্রতিভাত হয়েছে ৷ পরিসংখ্যান বলছে সেই ফেব্রুয়রির শেষ থেকে এখনও পর্যন্ত 50 শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম ৷ এর প্রভাবে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে ৷

    এদিকে, মার্চ মাসের 15 তারিখ পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষিত হয় ৷ মে মাসের 4 তারিখ প্রকাশিত হয় ফল ৷ এরপর আলাদা আলাদা দিনে পাঁচটি জায়গায় নতুন সরকার শপথ নেয় ৷ ভোটে দারুণ ফল করে বিজেপি ৷ অসমে আগে থেকেই তাদের সরকার ছিল ৷ এবার আসন সংখ্যা আরও বাড়ে ৷ তামিলনাড়ুতে সকলকে চমকে দিয়ে ডিএমকে-কে পরাজিত করে সবচেয়ে বেশি আসন পায় অভিনেতা বিজয়ের দল টিভিকে ৷ পরে কংগ্রেস এবং আরও কয়েকটি দলের সমর্থন নিয়ে তারা সরকার গড়ে ৷ দশ বছর বাদে কেরল বামেদের হাতছাড়া হয় ৷ সরকার পাল্টায় পুদুচেরিতেও ৷ তবে বিজেপির জন্য সবচেয়ে বড় সুখবর আসে পশ্চিমবঙ্গ থেকে ৷ প্রথমবার বাংলায় সরকার গড়ে গেরুয়া শিবির ৷ তাও বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৷ এই পর্ব মিটতেই মে মাসের 15 তারিখ থেকে দাম বাড়ত শুরু করেছে ৷ সেই প্রবণতা বজায় রইল সোমবারও ৷ ইকোপার্কে প্রাতভ্রমনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "তেল কোম্পানিগুলো ক্ষতিতে তাই কেন্দ্রীয় সরকার একটু দাম বাড়িয়েছে। চারিদিকে তেল পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, কথা বলেছেন। আমরা সময় নিয়ে সিদ্ধান্ত নেব।"
  • Link to this news (eTV Bharat)