মহারাষ্ট্রের রায়গড় জেলায় রবিবার গভীর রাতে পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে আট পর্যটক। পুলিশ জানায়, মহাবালেশ্বর-পোলাদপুর রোডের আম্বেনালি ঘাটের কাছে একটি দ্রুতগতির স্করপিও গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে গভীর খাদে পড়ে যায় স্করপিও গাড়়িটি। সূত্রের খবর, খাদের গভীরতা ৫০০ থেকে ৭০০ ফুট। খবর পেয়ে পোলাদপুর থানার পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন তাঁরা।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত স্করপিওতে সাতারা জেলার কোরেগাঁও তালুকের আসগাঁও গ্রামের পর্যটকরা ছিলেন। তাঁরা দাপোলি থেকে সাতারার দিকে যাচ্ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, খাদের গভীরতা বেশি হওয়ায় এবং গভীর রাতে দুর্ঘটনা ঘটার কারণে বেশ বেগ পেতে হয় উদ্ধার কাজে। তবে সোমবার ভোর হতেই উদ্ধার কাজে গতি এসেছে। এখনও পর্যন্ত দু'টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দেহগুলির খোঁজে তল্লাশি চালছে।
স্থানীয়দের অভিযোগ, রায়গড় ও সাতারা জেলার সীমান্তে অবস্থিত এই আম্বেনালি ঘাট এলাকার রাস্তা অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের অনুমান, পর্যটকদের ওই দলটি কোঙ্কন বা মহাবালেশ্বরে বেড়াতে এসেছিলেন। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না।
পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন, অংশ সমীর চভন (১৯), রিতেশ রাজেন্দ্র লোখান্ডে (২২), সুহাস জিতেন্দ্র লোখান্ডে (২০), উৎকর্ষ আনন্দ শিংতে (২১), নিখিল অভিমন্যু শিংতে (২৫), মহেশ অনিল পওয়ার (২৫), আদিত্য অশোক সালুনখে (২১), রাজেশ অশোক কাটকর (৩৫)।