• ভোটের ফল প্রকাশের পর থেকে নেই প্রধান, পঞ্চায়েতের কাজ শিকেয়
    এই সময় | ২৫ মে ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: ভোটের ফল প্রকাশের পর ২০ দিন হয়ে গেলেও দেখা নেই গ্রাম পঞ্চায়েত প্রধানের। এ বিষয়ে তাঁকে ফোন করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। 'উধাও' হওয়ার আগে একটি কাজ করে গিয়েছেন তিনি। পঞ্চায়েতে নিজের ঘরে তালা মেরে গিয়েছেন।

    সেই ঘরের দেরাজে একাধিক টেন্ডারের ওয়ার্ক অর্ডার যেমন রয়েছে, পাশাপাশি ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধের কর্মসূচিও রয়েছে। প্রধানের অনুপস্থিত কারণে আটকে আছে জেনারেল মিটিং। প্রয়োজনীয় কাজে আসা এলাকার বাসিন্দাদের দিনের পর দিন ঘুরে যেতে হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে। উপপ্রধান টিকা রাউটিয়া বলেন, 'বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকেই দপ্তরে অনুপস্থিত প্রধান রাজেশ মণ্ডল। যেহেতু প্রধানের স্বাক্ষর ছাড়া কোনও কাজই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে কিছুই করা যাচ্ছে না। বিষয়টি সদর বিডিওকে জানানো হয়েছে।' বিডিও বিপ্লবকুমার বিশ্বাস বলেন, 'প্রধানের সঙ্গে কথা হয়েছে। তাঁকে দপ্তরে গিয়ে স্বাভাবিক কাজকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দপ্তরে না গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

    প্রধান রাজেশ মণ্ডল অফিসে না আসায় আটকে রয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধের কাজ-সহ নিকাশি নালা এবং জঙ্গল সাফাইয়ের করা কাজ। ফেব্রুয়ারি মাসে পঞ্চদশ অর্থ কমিশন প্রায় ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করে। সেই টাকায় নিকাশি নালা, কালভার্ট, সোলার ওয়াটার ট্যাঙ্ক-সহ প্রায় ১৫টি কাজের টেন্ডার করা হয়েছিল। কথা ছিল, বিধানসভা নির্বাচনের আগেই ওই কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, রাজেশ ওই সমস্ত ওয়ার্ক অর্ডার ঠিকাদারদের না দিয়ে নিজের হাতে রেখে দিয়েছেন। যে কারণে তিনি না আসায় ওই কাজগুলি আটকে আছে। পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা মঞ্জুরি ছেত্রী বলেন, 'প্রধান না আসায় প্রচুর কাজ আটকে আছে। যার মধ্যে আমার বুথে সোলার ওয়াটার ট্যাঙ্কের কাজ রয়েছে। এখন ওই কাজ কবে হবে সেটাই বোঝা যাচ্ছে না।' আর এক পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বলেন, 'আমার এলাকায় নিকাশি নালার টেন্ডার হয়েছে। কিন্তু ওয়ার্ক অর্ডার না দেওয়ায় কাজ হচ্ছে না।'

    কেন দপ্তরে যাচ্ছেন না, এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজেশ সরাসরি কোনও মন্তব্য করেননি। যদিও তাঁর দাবি, 'আমি বাড়ি থেকেই সমস্ত কাজ করে দিচ্ছি।' আগামী দু'-একদিনের মধ্যেই দপ্তরে বসবেন বলে জানিয়েছেন প্রধান।

  • Link to this news (এই সময়)