• বন্ধুদের সঙ্গে জলকেলি চলছিল! তারপরে যে কী দুঃখ লুকিয়েছিল তা টের পায়নি কেউ...
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • দুর্গাপুর: দামোদরের জলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার। দামোদরের জলে স্নানে নেমে তলিয়ে গেল কিশোর। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হল নিথর দেহ। মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা (১৫)।

    সে দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়।

    প্রথমদিকে নদীর ধারে স্বাভাবিকভাবেই জলকেলি চলছিল। কিন্তু আচমকাই গভীর জলে চলে যায় আয়ুশ সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যেই জলের তলায় তলিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং শুরু হয় তড়িঘড়ি খোঁজাখুঁজি।

    আরও পড়ুন – Biggest Fraud Of IPL: আইপিএল ইতিহাসের সবচেয়ে ‘বড় প্রতারক’কে চিনে নিন, সেও কেকেআরের কপালেই জুটল, ১৮ কোটির ‘চুনা’ লাগালেন

    দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের নিথর দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    এদিকে এর কিছুদিন আগেও বাঁকুড়ায় ২০ মে মঙ্গলবার বিকালে ইন্দাসের জাগলদ্বীপে দ্বারকেশ্বরের বালিতে খেলতে গিয়ে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম শুভজিৎ রুইদাস(৬) ও সৌমেন রুইদাস(৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার খাওয়া দাওয়া করে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে লাগোয়া দ্বারকেশ্বরের চরে খেলতে যায়। পরে তারা দু’জনে জলে হাত পা ধুতে যায়। তখনই দু’জন জলে তলিয়ে যায়।

    পরে স্থানীয় একজন জলে স্নান করতে নামলে তার পায়ে মৃতদেহ লাগে। এরপরে পাড়ার লোকজন এসে পরপর দুই ভাইয়ের মৃতদেহ জল থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তড়িঘড়ি আসে পুলিশ। মৃতদেহ থানায় নিয়ে যায়। নদের চরে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ জানিয়েছে, জাগলদ্বীপে দু’টি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    Arpan Chakraborty
  • Link to this news (News18 বাংলা)