• ছৌ নাচের জেলায় এবার ভরতনাট্যমের জয়জয়কার, জাতীয় মঞ্চে বড় সাফল্য পুরুলিয়ার মেয়ের
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • ছোট শহরের মেয়ে, চোখভরা স্বপ্ন আর নাচের প্রতি অদম্য ভালবাসাকে সঙ্গী করেই শুরু হয়েছিল পথচলা। সেই পথ আজ পৌঁছে গেল জাতীয় স্বীকৃতির মঞ্চে। ভরতনাট্যম নৃত্যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন মর্যাদাপূর্ণ CCRT তথা কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (Cultural Talent Search Scholarship) অর্জন করে ইতিহাস গড়লেন পুরুলিয়ার ভূমিকন্যা শ্রেয়া সিংহ। দেশজুড়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে কঠিন অডিশন, দীর্ঘ বাছাইপর্ব এবং শিল্পসত্ত্বার কঠোর পরীক্ষায় নিজেকে প্রমাণ করে এই সম্মান ছিনিয়ে এনেছেন তিনি।

    বিশেষ গর্বের বিষয়, ভরতনাট্যমে পুরুলিয়া জেলা থেকে এই প্রথম কোনও শিল্পী এই কেন্দ্রীয় স্কলারশিপের জন্য নির্বাচিত হলেন। ফলে জেলাজুড়ে এখন শুধুই শ্রেয়ার সাফল্যের আলোচনা। পুরুলিয়া শহরের নামোপাড়া রথতলা এলাকার বাসিন্দা শ্রেয়ার জীবন যেন শিল্প ও শিক্ষার এক অপূর্ব সমন্বয়। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যের কঠোর সাধনাকে কখনও থামতে দেননি তিনি। মাত্র তিন বছর বয়সে বিশিষ্ট নৃত্যগুরু সুমিত রায়ের কাছে নাচের হাতেখড়ি তাঁর। ছোট্ট সেই মেয়েটির চোখে তখন থেকেই ছিল বড় মঞ্চে পৌঁছনোর স্বপ্ন।

    পরবর্তীতে কলকাতার প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী শুভজিৎ দত্তের তত্ত্বাবধানে আরও গভীরভাবে তালিম নিতে শুরু করেন শ্রেয়া। মুদ্রা, অভিব্যক্তি, তাল ও শাস্ত্রীয় শৈলীর নিখুঁত উপস্থাপনায় ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করেন তিনি। ভরতনাট্যমের পাশাপাশি রবীন্দ্রনৃত্য ও সৃজনশীল নৃত্যেও সমান দক্ষ শ্রেয়া। ‘শ্যামা’, ‘চিত্রাঙ্গদা’, ‘দুর্গা’র মত জনপ্রিয় নৃত্যনাট্যে মুখ্য চরিত্রে অভিনয় করে বহুবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। পুরুলিয়া থেকে কলকাতা, এমনকি রাজ্যের বাইরেও তাঁর নৃত্য পরিবেশনা প্রশংসিত হয়েছে।

    এই ঐতিহাসিক সাফল্যের পর আবেগঘন কণ্ঠে শ্রেয়া বলেন, এই সম্মান আমার কাছে অনেক বড় প্রেরণা। আমি চাই এই স্কলারশিপের সাহায্যে আরও উচ্চতর প্রশিক্ষণ নিতে এবং পুরুলিয়ার মত জেলাতেও খাঁটি ভরতনাট্যমের চর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে। শ্রেয়ার এই জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরুলিয়ার সাংস্কৃতিক জগতের এক নতুন অধ্যায়। যে জেলা মূলত লোকসংস্কৃতির জন্য পরিচিত, সেই জেলার মাটিতেই আজ শাস্ত্রীয় নৃত্যের নতুন ইতিহাস লেখা হল। তাঁর এই সাফল্য আগামী দিনের অসংখ্য তরুণ শিল্পীর স্বপ্ন দেখার সাহস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছে জেলার সংস্কৃতি মহল।
  • Link to this news (News18 বাংলা)