• প্রথা ভাঙা শিক্ষার নয়া নজির, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হল ঘর সাজানোর দামি জিনিস
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • শুধু পড়াশোনা করে পুঁথিগত জ্ঞান অর্জন নয়, বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা ছোট ছোট পড়ুয়াদের গড়ে তোলে স্বনির্ভর। ছবি আঁকা, গান বা বিভিন্ন শিল্পচর্চার মধ্য দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক একাগ্রতা তৈরি হয়। তাদের মধ্যে ফুটে উঠে সৃজনশীল নানা দিক। এবার খুদে পড়ুয়ারা বিভিন্ন ধরনের ফেলে দেওয়ার জিনিস দিয়ে তৈরি করল একাধিক সুন্দর সুন্দর ঘর সাজানোর সরঞ্জাম। শুধু তাই নয়, সকলের জন্য তা প্রদর্শিত করা হয়। শিল্প প্রতিযোগিতার শেষে ছিল পুরস্কার বিতরণও।

    ছোট ছোট ছেলে মেয়েদের কাছে উদ্বুদ্ধ করতে এই অভিনব আয়োজন। মায়েদের স্বাবলম্বী করতে ছিল বিশেষ ব্যবস্থা। অবসরে বসে না থেকে মায়েদের বিভিন্ন সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ মহিলাদের মধ্যে সৃজনশীল কাজে এগিয়ে দেওয়া লক্ষ প্রতিষ্ঠানের। মায়েদের মধ্যে প্রায় দশের বেশি এবং পঞ্চাশের বেশি পড়ুয়া এদিন এই প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে অংশ নেন। প্রতিযোগীতার শেষে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে নতুন কিছু করার ভাবনা, পড়ুয়াদের স্বল্প পুঁজি বিনিয়োগ করে নতুন কিছু তৈরি করে স্বনির্ভর করার মানসিকতা তৈরির লক্ষ্যে এই আয়োজন।

    কাপড়ের সঙ্গে আসা স্পঞ্জ, ক্লে, গাছের ডাল, চায়ের কাপ, রঙিন কাগজ, প্লাস্টিকের কৌটো সহ বিভিন্ন ধরনের ফেলে দেওয়ার জিনিস দিয়ে হাতের শিল্প নিপুণতায় ছোট ছোট ছেলে মেয়েরা তৈরি করেছে সুন্দর সুন্দর জিনিস। পশ্চিম মেদিনীপুরের বেলদার শিল্পশ্রী শিক্ষায়তন এর পড়ুয়াদের নিয়ে বিশেষ আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীর আয়োজন করা হয়। ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া নয়, সামান্য জিনিস দিয়েই যে অসামান্য সুন্দর সুন্দর সামগ্রী তৈরি হয়, তা প্রমাণ করেছে এই ছোট ছোট ছেলেমেয়েরা।

    তাদের ভাবনায় ফুটে উঠেছে ঢোল, সুপার ক্লে দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফলের ঝুড়ি, পাখির বাসা সহ একাধিক জিনিস। শুধু তাই নয়, বাবা মা এবং প্রশিক্ষকের সহযোগিতায় বেশ কয়েকদিনের চেষ্টায় তৈরি করেছে এই সমস্ত জিনিস। শুধু পড়ুয়াদের মধ্যে নয়, সারাক্ষণ সাহায্যকারী মায়েদের প্রতিভা অন্বেষণেও ছিল বিশেষ ব্যবস্থা। এদিন মায়েরা বিভিন্ন ধরনের ব্যাগ কাস্টমাইজ করে নিয়ে আসে। মায়েদের মধ্যেও হয় প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের এই উদ্যোগ ও চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছে সকলে।
  • Link to this news (News18 বাংলা)