ভারতের বায়ুসেনায় আসছে আরও রাফাল। বায়ু সেনাকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১১৪টি রাফাল কেনার জন্য লেটার অফ রিকোয়েস্ট (Letter of Request) ফাইনাল করেছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটা ফ্রান্সে পাঠানো হতে পারে। যদি শেষ পর্যন্ত তা হয়, তাহলে ভারতের বায়ু সেনা নিয়ে দীর্ঘদিনের যে পরিকল্পনা ছিল, সেটা নিয়ে কাজ শুরু হচ্ছে। বায়ু সেনায় যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই কাজ।
তবে এ বারের ১১৪টি রাফাল কেনার মধ্যে আরও একটি বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। সূত্রের খবর, ১১৪টির মধ্যে ৯০টি রাফাল ভারতেই তৈরি হবে। রাফাল প্রস্তুতকারক ফ্রান্সের সংস্থা দাসোঁ এভিয়েশন এবং ভারতীয় একটি সংস্থা যৌথ উদ্যোগে রাফাল তৈরি করবে। বাকিগুলি সম্পূর্ণ প্রস্তুত হয়েই ভারতে আসবে।
লেটার অফ রিকোয়েস্ট (Letter of Request) আদতে দু’টি সরকারের মধ্যে আলোচনার জন্য ব্যবহৃত নথি। বিদেশের কোনও সেনাবাহিনী থেকে সমরাস্ত্র কিনতে অথবা দুই সরকারের মধ্যে অস্ত্র লেনদেন সংক্রান্ত কোনও কাজের জন্য এই ধরনের নথি ব্যবহৃত হয়। কী ধরনের অস্ত্র, তার কী কাজ, কত পরিমাণ অস্ত্র নিতে হবে সব তথ্য থাকে Letter of Request-এ।
এর পরে ফ্রান্সের তরফে দাম, লজিস্টিক্স এবং বাকি তথ্য ভারতকে জানানো হবে। তারপরে ভারত Request for Proposal পাঠাবে। এরপরে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সব স্থির হবে। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ক্যাবিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। সূত্রের খবর, এই বছরের মধ্যেই এই চুক্তি স্থির করার চেষ্টা করছে সরকার। সূত্রের খবর, বায়ু সেনা প্রধান শীঘ্রই ফ্রান্সে যেতে পারেন। জুনে ফ্রান্সে যেতে পারেন নরেন্দ্র মোদীও।
ভারতের কাছে ইতিমধ্যেই বেশ কিছু রাফাল হয়েছে। ভারতীয় নেভিও আগামী কয়েক বছরের মধ্যে নৌবাহিনীতে বিশেষ ধরনের রাফাল অন্তর্ভুক্ত করতে চলেছে।