একসঙ্গে ১৫ জন তৃণমূল কাউন্সিলারের পদত্যাগ। ঘটনাস্থল উত্তর ব্যারাকপুর পুরসভা। ২০১০ সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা ছিল তৃণমূলের দখলে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের মতো উত্তর ব্যারাকপুর পুরসভাতেও বিজেপির ঝড় বয়েছে। এই পুরসভায় মোট ২৩টি ওয়ার্ড রয়েছে। সেখানে ওয়ার্ড ভিত্তিক রেজ়াল্ট দেখাচ্ছে, বিধানসভার ভোটের নিরিখে, ১৭টি ওয়ার্ডেই বিজেপির তুলনায় বহু পিছিয়ে রয়েছে তৃণমূল। এ বার সেই হারের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন কাউন্সিলারেরা। সোমবারের ঘটনা।
২৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডের কাউন্সিলার মারা গিয়েছেন। বাকি থাকা ২০টি ওয়ার্ডের মধ্যে ১৫ জন সোমবার ইস্তফা দিলেন। বাকিরা আপাতত বিভিন্ন কাজে পুরসভার বাইরে থাকায় তাঁরা এখনও পদত্যাগ করেননি। তবে তাঁরাও ইস্তফা দেবেন বলে জানিয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি জানান, পরাজয়ের নৈতিক দায়িত্ব নিয়ে তাঁরা পদত্যাগ করছেন। মলয় ঘোষ বলেন, ‘আমাদের বিরুদ্ধে জনমত গিয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি চেয়ার আঁকড়ে থাকা উচিত না। নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি আরও উন্নতি হবে।’
এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় গণ ইস্তফা দিয়েছেন কাউন্সিলারেরা। হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া পুরসভায় ইতিমধ্যেই গণইস্তফা দেখা গিয়েছে। এ বার একই ছবি উত্তর ব্যারাকপুরেও।