• কাঁথি পুরসভা চালাবেন মহকুমা শাসক, ১৪ জন তৃণমূল কাউন্সিলারের পদত্যাগের পরেই ভাঙে বোর্ড
    এই সময় | ২৫ মে ২০২৬
  • তৃণমূলের ১৪ জন কাউন্সিলারের পদত্যাগের জেরে ভেঙে পড়ল কাঁথি পুরসভার বোর্ড। প্রশাসনিক ভাবে সোমবার থেকে কাঁথির মহকুমা শাসক ধুমল প্রতীক অশোক পুরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁর নেতৃত্বেই চলবে কাঁথি পুরসভার সমস্ত প্রশাসনিক কাজকর্ম। তাঁকে সহযোগিতা করবেন কাউন্সিলাররা।

    ২০২২ সালের পুরভোটে কাঁথি পুরসভার ২১টি আসনের মধ্যে ১৭টিতে জিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। তিনটিতে জিতেছিল বিজেপি, একটি ছিল নির্দলের। পরে তৃণমূলের একজন কাউন্সিলার বিজেপিতে যোগদান করেন। ফলে বিজেপির কাউন্সিলার সংখ্যা হয় চার। তৃণমূলের ১৪ জন কাউন্সিলার পদত্যাগ করায় ভাঙল বোর্ড।

    এ দিন প্রশাসক যখন দায়িত্ব গ্রহণ করেন, উপস্থিত ছিলেন বিজেপির তিন কাউন্সিলার অরূপকুমার দাস, সুশীল দাস, তাপস দোলুই এবং এক সময়ে পুরপ্রধান পদে থাকা সুবল মান্না-সহ পুরসভার আধিকারিক ও কর্মীরা।

    দীর্ঘদিন ধরে পুরসভার পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। বিভিন্ন কাজের জন্য পুরসভায় এসে হয়রানির শিকার হতে হচ্ছিল এলাকাবাসীদের, এমন অভিযোগ উঠেছিল। সরকার বদলের পরে পুরসভায় আসা কার্যত বন্ধ পুরপ্রধান সুপ্রকাশ গিরি-সহ তৃণমূল কাউন্সিলারদের। কেন আসছেন না, এই নিয়ে প্রত্যেক কাউন্সিলারকে চিঠিও দিয়েছিলেন পুরসভার এগজ়িকিউটিভ অফিসার। এর পরেই ভাইস চেয়ারম্যান-সহ ১৪ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেন।

  • Link to this news (এই সময়)