আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার নৈতিক দায় স্বীকার করে একযোগে পদত্যাগ করলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন পুর প্রতিনিধি। তাঁদের মধ্যে রয়েছেন পুরপ্রধান মলয় ঘোষও।
২০১০ সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই পরাজিত হয়েছে তৃণমূল। এই ফলাফলের দায় কাঁধে নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
পুরসভার সূত্রে খবর, ২৩টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডের কাউন্সিলরদের বাদ দিয়ে বাকি ২০ জন প্রতিনিধির মধ্যে ইতিমধ্যেই ১৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকিরা বিভিন্ন কাজে পুরসভার বাইরে থাকায় এখনও পদত্যাগ করতে পারেননি। তাঁরাও শীঘ্রই পদত্যাগ করবেন বলে সূত্রের দাবি।
উত্তর ব্যারাকপুর পুরসভার প্রধান মলয় ঘোষ জানিয়েছেন, নির্বাচনী পরাজয়ের নৈতিক দায় স্বীকার করেই তাঁরা পদত্যাগ করছেন।
বিধায়ক অর্জুন সিং জানান, 'বিকেলের মধ্যে বাকিরাও পদত্যাগ সবাই করে নেবেন। এরা মানুষের ভোটে জেতেননি।' সে কারণেই মানুষের মুখোমুখি হতে পারছেন না বলেও জানান তিনি।