‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী, শুনলেন চাকরিহারাদের কথা
দৈনিক স্টেটসম্যান | ২৫ মে ২০২৬
সোমবার ফের ‘জনতার দরবারে ‘বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিজেপির দপ্তরের সামনে তাঁরা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তাঁরা। চাকরিপ্রার্থীদের মোট ১৫টি সংগঠনের প্রতিনিধি সোমবার সকালে শুভেন্দুর সঙ্গে দেখা করতে এসেছে বলে খবর। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।
মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য জনতার দরবারের কথা ঘোষণা করেন তিনি। বিজেপির তরফে জানানো হয়, প্রতি সোমবার সকালে ৯টা থেকে ১১টা পর্যন্ত মুখ্যমন্ত্রী সল্টলেকের দলীয় কার্যালয়ে থাকবেন। সেখানেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন সকালে বিজেপির কার্যালয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তাঁর পৌঁছনোর আগে থেকেই সেখানে চাকরিপ্রার্থীরা ভিড় করেছিলেন। নিয়োগ দুর্নীতিতে বঞ্চিতদের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রতিনিধিও রয়েছেন। মুখ্যমন্ত্রীদের কাছে নিজেদের সমস্যার কথা জানান এবং দ্রুত সমাধান চাওয়া হয়।
মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন সল্টলেকের দপ্তরে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী। জনতার দরবার কর্মসূচি পরিচালনা করেন তাঁরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে বন্ধ ঘরে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ঘণ্টাখানেক সেখানে থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে পেরে অনেকে খুশি। সমস্যা সমাধানের আশ্বাসও পেয়েছেন তাঁরা। তৃণমূলের সরকারের আমলে হওয়া চাকরি-দুর্নীতি নিয়ে সরব ছিল বিজেপি। ক্ষমতায় এসেই চাকরিপ্রার্থীদের সমস্যায় মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন এখন সেটাই দেখার।