• অন্নপূর্ণা ভাণ্ডারে তথ্য আপডেট করতে লম্বা লাইন, পোস্ট অফিসে ছুটে গিয়ে কী বার্তা মন্ত্রী অশোকের?
    প্রতিদিন | ২৫ মে ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আধার লিঙ্ক। আর তা করাতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক-পোস্ট অফিসের সামনে মানুষের লম্বা লাইন। সেই মতো সোমবার সকাল থেকেই বারাসত পোস্ট অফিসের সামনে ছিল মানুষের ভিড়। এরমধ্যেই সিএএতে নাগরিকত্বের আবেদন জমা দিতে আসেন অনেকে। ভিড়ের চাপে একেবারে নাজেহাল অবস্থা হয় পোস্ট অফিসে। খবর পেয়েই সেখানে ছুটে যান রাজ্যের খাদ্য ও সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া। কথা বলেন পোস্ট অফিসের সুপারিন্টেনডেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে যেন মানুষের কোনও হয়রানি না হয়।

    আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন রাজ্যের মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা। এজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার যুক্ত থাকতে হবে। সেই মতো সকাল থেকেই বারাসত পোস্ট অফিসে ছিল ভিড়। সেই সময় পোস্ট অফিসে যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। কেন এত ভিড় সে বিষয়ে জানতে চান।
    সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। পরে সুপারিন্টেনডেন্ট অফ পোস্ট অফিসের সঙ্গে বৈঠক করতে ঘরে ঢুকতেই পোস্ট অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন উপস্থিত সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা, কাজের ধীরগতি এবং ভোগান্তির অভিযোগ ওঠে পোস্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

    পরে মন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, অন্নপূর্ণা যোজনায় আধার লিঙ্কের কাজ চলছে। সরকারের পলিসি ছিল, এই আধার লিঙ্ক করা আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা। সেই সিস্টেমের জন্যই ভিড় হয়েছে। তবে কাউন্টার আরও বাড়ানোর কথা পোস্ট অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে এদিন সিএএতে আবেদন করার ক্ষেত্রেও পোস্টঅফিসের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন অনেকে। সেই প্রসঙ্গে মন্ত্রী জানান, ”কিছুক্ষেত্রে সরকার জেরক্স নিয়ে আসলেই হবে বলে জানিয়েছিল। কিন্তু এরপরেও ছোট সমস্যায় সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তা যাতে না হয় তা দেখার কথা জানিয়েছি।

    বলে রাখা প্রয়োজন, এসআইআরের পরেই সিএএ’তে আবেদন করছেন বহু মানুষ। উত্তর ২৪ পরগনা জেলার বহু আবেদনের স্ক্রুটিনি করা হচ্ছে বারাসতের মূল পোস্টঅফিসে। আর তা করতে গিয়েই অনেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। একাধিকবার করে ডাকা হচ্ছে বলে অভিযোগ তোলেন।
  • Link to this news (প্রতিদিন)