• সোনাঝুরি হাটে চলল বুলডোজার, উপড়ে ফেলা হল হোটেলের বিজ্ঞাপনী বোর্ড
    eTV Bharat | ২৫ মে ২০২৬
  • বোলপুর, 25 মে: এবার শান্তিনিকেতনের সোনাঝুরিতে চলল বুলডোজার । জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ বন দফতরের ৷ যাতে কোনওভাবে জঙ্গলে চারচাকা গাড়ি না প্রবেশ করতে পারে তার জন্য সোমবার মাটি কেটে বন্ধ করে দেওয়া হল পথ ৷ পাশাপাশি, হোটেল-রিসর্টের বিজ্ঞাপনে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের ৷ উপড়ে ফেলা হল সেই সব বিজ্ঞাপনী প্রচার সাইনবোর্ড ৷

    সোনাঝুরির 'বেআইনি' হাট নিয়ে মামলা

    'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে । কিন্তু, বন দফতরের জায়গায় কোনও ব্যবসায়িক হাট বসার নিয়ম নেই । এই হাট 'বেআইনি'। এছাড়া, জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে চারচাকা গাড়ি । যত্রতত্র পড়ে থাকে প্লাস্টিক । ফলে ধ্বংস হয় জঙ্গলের পরিবেশ, নষ্ট হয় গাছ ৷ এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । এই মামলায় রায় দান এখন সময়ের অপেক্ষা ।

    হোটেল-রিসর্টের বাড়বাড়ন্ত

    এদিকে গত কয়েক বছরে ধরে সোনাঝুরি জঙ্গলের আশেপাশে কয়েকশো হোটেল-রিসর্ট গড়ে উঠেছে । অধিকাংশ নিয়ম বহিঃভূতভাবেই ৷ সেই হোটেল-রিসর্টের বিজ্ঞাপনী বোর্ডে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের ৷ জঙ্গল লাগোয়া রাস্তার দুই দিকে লোহার বিজ্ঞাপনী বোর্ড কংক্রিটের ঢালাই করে বসানো হয়েছিল ৷ এদিন সেই সমস্ত বোর্ড উপড়ে ফেলে দেওয়া হয় ৷ বোলপুরে বন দফতরের রেঞ্জার জ্যোতিষ বর্মনের নেতৃত্বে এদিন সকাল থেকে জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় ৷ উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে ।

    ব্যবসায়ীদের কথা

    সোনাঝুরি হাটের দায়িত্বে থাকা সুকেশ চক্রবর্তী ও হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ বলেন, "খুব ভালো উদ্যোগ । আমরা প্রথম থেকেই চাইতাম হাটে যেন চারচাকা গাড়ি না প্রবেশ করে ৷ সেটা বন্ধ করে দিল বন দফতর ৷ যাতে আমাদের কোনও সমস্যা না হয়, সেদিকটা একটু দেখলে ভালো হয় ৷ আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে ।"

    অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মী থেকে আধিকারিকরা সংবাদমাধ্যমে কোনওরকম বক্তব্য দিতে পারবেন না ৷ তাই সোনাঝুরিতে বুলডোজার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বন দফতরের আধিকারিকরা ৷

    সোনাঝুরি হাটের খুঁটিনাটি

    আনুমানিক 2000 সালে সোনাঝুরি জঙ্গলে গুটিকয়েক আদিবাসী শিল্পীদের তৈরি সামগ্রী ও বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়াদের তৈরি সামগ্রী নিয়ে হাট বসত ৷ এই হাট বসিয়েছিলেন প্রয়াত আশ্রমিক শ্যামলী খাস্তগীর । তবে সেই সময় সপ্তাহে মাত্র একদিন, শনিবার এই হাট বসত ৷ তাই এই হাটের আরেক নাম ছিল শনিবারের হাট ৷ রাজ্যে তৃণমূল-কংগ্রেস সরকার আসার পর হাটের পরিবেশ অন্য রূপ পায় ৷ বৃদ্ধি পেতে থাকে হাটের পরিসর । সপ্তাহে একদিনের বদলে সব দিনই বসতে শুরু করে হাট ৷ আর অধিকাংশ বহিরাগত ব্যবসায়ী হাটে স্থান পায় বলে অভিযোগ ৷

    জঙ্গল বাঁচাতে পদক্ষেপ

    আরও অভিযোগ, হাট থেকে ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা নেওয়া হত, সেই টাকা সরকারের কোন খাতে জমা পড়ত, কেউ জানে না ৷ সোনাঝুরির হাট দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি স্থানীয়দের ৷ আর এতে যত দিন গিয়েছে জঙ্গলে গাছের সংখ্যা কমে গিয়েছে । রাজ্যে ডবল ইঞ্জিন অর্থাৎ বিজেপির সরকার আসার পরেই জঙ্গল বাঁচাতে পথে নেমেছে বন দফতর ৷ এছাড়া, এই হাটে আগত চারচাকা গাড়ি রাখার জন্য স্থানীয় তৃণমূল নেতা নিমাই দাস একটি পার্কিং জোন করেছিল ৷ এটি 'বেআইনি' বলে, আগেই পার্কিং বন্ধ করে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীরা ।

    উল্লেখ্য, রাজ্য সরকারের কোনও দফতরের নির্দেশে সোনাঝুরি জঙ্গলের মধ্যে খোয়াই হাট বসে, মামলার শুনানিতে এই প্রশ্নের সদুত্তর জাতীয় পরিবেশ আদালতে কেউ দিতে পারেনি ৷ এমনকি, হাটের পাশে বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠে বেশ কয়েকটি হোটেল-রিসর্ট, এই তথ্যও আদালতে জমা পড়েছে ৷
  • Link to this news (eTV Bharat)