18 মাসের জট খুলল 120 ঘণ্টায়, নির্ধারিত সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ
eTV Bharat | ২৫ মে ২০২৬
কলকাতা, 25 মে: দীর্ঘ দেড় থেকে দুই বছরের টাল বাহানার পর অবশেষে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িঘাটার অসমাপ্ত অংশের কাজ শেষ হল। এই কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হল বলেই আজ জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার বাকি অংশের কাজ ঠিকঠাক এগলে আগামী ডিসেম্বরের মধ্যেই গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এক মেট্রোয় পৌঁছে যাওয়া সম্ভব হবে।
কিছু আগেই কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, চিংড়িঘাটায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে গার্ডার লঞ্চিং-এর কাজ। স্বাভাবিক হয়েছে ইএম বাইপাসের যান চলাচলও। চিংড়িঘাটা মোড়ে দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো প্রকল্পের গার্ডার বসানোর কাজ আজ, সোমবার ভোর 5টায় শেষ হয়েছে বলেই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে এই কাজ।
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জন্য হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় সহযোগিতায় কাজটি দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। যেহেতু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল সেই জন্য পথচারীদের এবং যান চলাচলে যাতে কোনও সমস্যা না হয় তাই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করা হয়েছে। কারণ, চিংড়িঘাটা ক্রসিংয়ের মতো অত্যন্ত ব্যস্ত এলাকায় এই কাজ চলছিল।
ট্রাফিক পুলিশের সমন্বয়ে ট্রাফিক ব্লক নিয়ে ও পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে কাজ চলে। মেট্রোরেল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে কাজ চলে। সোমবার ভোর 5টা নাগাদ গার্ডার লঞ্চিংয়ের কাজ সম্পূর্ণ হতেই ওই এলাকায় জারি করা ট্রাফিক ব্লক তুলে নেওয়া হয়। সকাল থেকেই ইএম বাইপাসে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সোমবার সপ্তাহের শুরুর দিনেই বাইপাসে বড়সড় যানজটের যে আশঙ্কা করা হচ্ছিল, তা থেকে রেহাই মেলে।
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা দিচ্ছে। গোটা 29.87 কিলোমিটার পথ তৈরি হয়ে গেলে অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা দেবে৷ তবে এই কাজের অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটার 366 মিটার অংশের বাকি থাকা কাজ। এই অংশের যেটুকু কাজ বাকি ছিল সেই কাজ শেষ হয়েছে। এই কাজ শেষ করতে যে ট্রাফিক ব্লকের প্রয়োজন ছিল আগের তৃণমূল পরিচালিত সরকারের আমলে নানা টালবাহানা আর আইনি গেরোয় আটকে ছিল সেই কাজ।
তবে বর্তমান রাজ্য সরকার ও কলকাতা পুলিশের পক্ষ থেকে সবুজ সঙ্কেত মিলতেই গত শুক্রবার থেকে কাজ শুরু করে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। এই কাজের জন্য দুটি সপ্তাহান্তে মোট 120 ঘণ্টার ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছিল। মোট 60 ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী 22 মে শুক্রবার রাত 8টা থেকে 25 মে সোমবার সকাল 8টা পর্যন্ত পুনরায় 60 ঘণ্টার ট্রাফিক ব্লক নিয়ে বাকি কাজ শেষ করা হবে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বেলেঘাটা থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে। এই রুটটি তৈরি হয়ে গেলে যাত্রীরা আইটি সেন্টারে পৌঁছে অন্য লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন। তাই স্বাভাবিকভাবেই বিমানবন্দরে দেওয়ার জন্য হোক বা আইটি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে কাজের জন্য সফর করাটা অনেকরই সহজ হতে চলেছে।