হায়দরাবাদ, 25 মে: ঘোষণা হয়েছিল আগেই ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার নয়াদিল্লিতে পদ্ম প্রাপকদের হাতে তুলে দেন পুরস্কার ৷ প্রথমেই রাষ্ট্রপতি পদ্মবিভূষণ পুরস্কার তুলে দেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীর হাতে ৷ হেমার হাতে পুরস্কার যেতেই দর্শকআসনে বসা মেয়ে এষা দেওল ভেঙে পড়েন কান্নায় ৷
মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত হন অভিনেতা ধর্মেন্দ্র ৷ গত 24 নভেম্বর প্রয়াত হন 'শোলে'র বীরু ৷ তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ বলি-সেলেবের পাশাপাশি বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ওে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ৷ পদ্মভূষণে ভূিষত হয়েছেন মোট 13 জন ৷ এদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক এবং জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মামুট্টিও।
পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন 113 জন ৷ ক্রীড়া জগত থেকে সম্মান পেয়েছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কউর। এছাড়া টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রয়াত নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) এবং দলিত সাহিত্যিক অশোককুমার হালদার সহ মোট 11 জন বঙ্গবাসী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ফিল্মি কেরিয়ারে প্রসেনজিতের ঝুলিতে রয়েছে 'অমরসঙ্গী' থেকে 'উনিশে এপ্রিল', 'দোসর', '22 শ্রাবণ'-এর মতো সেরা সিনেমা ৷ এদিন অভিনেতাকে দেখা যায়, ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি পরে অনুষ্ঠানে উপস্থিত প্রসেনজিৎ ৷ একেবারে বাঙালিবাবু সাজে এদিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলার অভিনেতা ৷ তবে, এবছর পদ্মবিভূষণ ও পদ্মভূষণের তালিকায় বাংলার কেউ নেই ৷
পদ্ম পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলির মধ্যে অন্যতম এবং এটি তিনটি বিভাগে প্রদান করা হয়: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই পুরস্কার শিল্পকলা, সমাজসেবা, জননীতি, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং বেসামরিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ব্যতিক্রমী ও অসামান্য সেবার জন্য পদ্মবিভূষণ, উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যেকোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী প্রদান করা হয়।