অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের ভিতরে ঢুকল পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা
News18 বাংলা | ২৫ মে ২০২৬
হরিশ মুখার্জী রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল পুলিশ৷ সাদা পোশাকে পুলিশকর্মীদের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের ভিতরেও প্রবেশও করেছে৷ তবে কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ একটি সূত্রের দাবি, ডিরেক্টর অফ সিকিউরিটি পক্ষ থেকে আধিকারিকদের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে৷
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা-মা এবং অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর নামে থাকা একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা৷ সেই ঘটনার সূত্রেই এ দিন অভিষেকের বাড়িতে পুলিশ পৌঁছল কি না, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে৷ তবে অভিষেককে নোটিস পাঠানোর বিষয়টি তার জানা নেই বলেই দাবি করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ গতকালই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছিলেন, নোটিশের জবাব দেওয়ার জন্য পুরসভার থেকে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ৷
এ দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে কলকাতা পুরসভাকে আরও একটি চিঠি দেওয়া হয়েছে বলে খবর৷ সেই চিঠিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তোলা হয়েছে বলে সূত্রের খবর৷
এ দিন দুপুুরে কলকাতা পুলিশের একটি গাড়িতে চারজন আধিকারিক হরিশ মুখার্জী রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন৷ যদিও কেন তাঁরা অভিষেকের বাড়িতে গেলেন, সে বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি আধিকারিকরা৷ তবে অন্য একটি সূত্রের খবর, ডিরেক্টর অফ সিকিউরিটি পক্ষ থেকে একটি দল অভিষেকের বাড়িতে গিয়েছিল৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওই চার আধিকারিক একটি এলইডি স্ক্রিন নিয়ে অভিষেকের বাড়ি থেকে বেরিয়েও যান৷ ফলে ঠিক কী কারণে অভিষেকের বাড়িতে পুলিশের ওই আধিকারিকরা এসেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছিল রাজ্য সরকার৷ বর্তমানে একজন সাধারণ সাংসদের মতোই নিরাপত্তা পান অভিষেক৷ তৃণমূল সাংসদের নিরাপত্তার জন্য বরাদ্দ অতিরিক্ত বাহিনীও প্রত্যাহার করা হয়৷
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এলইডি মনিটর নিয়ে বেরিয়ে যেতে দেখা যায পুলিশকর্মীদের। সূত্রের খবর, এই এলইডি মনিটর একটা সময় অভিষেকের বাড়িতে নিরাপত্তায় নজরদারির ক্ষেত্রে ব্যবহার করা হত৷ সেটিই আজ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এর আগে ডিরেক্টর অফ সিকিউরিটি-র তরফে অভিষেকের বাড়িতে নিরাপত্তার জন্য স্ক্যানার সহ বিভিন্ন সামগ্রীও খুলে নিয়ে যাওয়া হয়েছিল৷