• হলদিয়া বন্দরে ভয়াবহ পথ দুর্ঘটনা! ব্রেক ফেল করে বাইকে ধাক্কা পণ্যবাহী গাড়ির, মৃত ১
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • : শিল্প শহর হলদিয়ার ডক এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ডকের চার নম্বর বার্থের কাছে একটি পণ্যবাহী ডিসিএম গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ডকের শ্রমিক প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সূত্রে জানা গেছে, ডক চত্বরে কাজ শেষ করে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দুই শ্রমিক। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডিসিএম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মোটর সাইকেলটিতে ধাক্কা মারে। স্থানীয়দের দাবি, ডিসিএম গাড়িটির ব্রেক হঠাৎ ফেল করায় চালক গাড়িটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান।

    দুর্ঘটনার পরই স্থানীয় শ্রমিক ও নিরাপত্তা কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেক আসফাক নামে এক শ্রমিকের। তাঁর বাড়ি হলদিয়ার ভাগ্যবন্তপুর পল্লী এলাকায়। অপর আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়েই হলদিয়া বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছয়। ঘাতক ডিসিএম গাড়িটিকে আটক করা হয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

    ডক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়ে যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ডক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীর মৃত্যুতে শ্রমিক মহলে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডক এলাকার ব্যস্ত রাস্তায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন স্থানীয় শ্রমিক সংগঠনগুলি। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বসান হয়েছে। শিল্প নগরীর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে এটি যান্ত্রিক গোলযোগ, নাকি চালকের গাফিলতি। গোটা ঘটনার দিকে নজর রাখছে হলদিয়া বন্দরে দায়িত্বে আধিকারিকেরা।
  • Link to this news (News18 বাংলা)