: দেশজুড়ে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনকে ত্বরান্বিত করতে এবং জ্বালানি তেল সাশ্রয়ের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ নিল ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ ইউনিট। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ আবহে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখতে সম্প্রতি দেশবাসীর প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই দূরদর্শী আহ্বানকে সামনে রেখেই রবিবার ফরাক্কায় একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়।
ফরাক্কা ব্যারেজ প্রকল্পের সিআইএসএফ ইউনিটের কমান্ড্যান্ট শ্রী নকুল কুমার বর্মার সুদক্ষ নেতৃত্বে ও উপস্থিতিতে এই কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।এদিন সকালে সিআইএসএফের কমান্ড্যান্ট অফিস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে ফরাক্কার শঙ্করপুর ব্রিজ পর্যন্ত যায় এবং পুনরায় নিজস্ব গন্তব্যে ফিরে আসে।বর্তমান বৈশ্বিক সংকটের কথা মাথায় রেখে জ্বালানি তেলের ব্যবহার কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের কনভয়ে কাটছাঁট করে তেলের অপচয় রোধের এক অনন্য নজির সৃষ্টি করেছেন, যা সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করছে।
এই র্যালির মাধ্যমে বার্তা দেওয়া হয় যে, বর্তমান সময়ে সুস্থ ও সতেজ লাইফস্টাইল বজায় রাখতে দৈনন্দিন জীবনে শারীরিক কসরতের গুরুত্ব যেমন অপরিসীম, ঠিক তেমনই পরিবেশ দূষণ রোধে এবং দেশের জ্বালানি সম্পদ বা মহার্ঘ তেল সাশ্রয় করতে সাইকেলের ব্যবহার অত্যন্ত কার্যকরী। উল্লেখ্য, ফরাক্কা বাঁধ প্রকল্প কেন্দ্র সরকারের ‘জনশক্তি’ (জলশক্তি) মন্ত্রকের অধীনে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প। গঙ্গার জলবণ্টন এবং কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এই রকম একটি হাই-প্রোফাইল কেন্দ্রীয় প্রকল্পের সুরক্ষায় নিয়োজিত সিআইএসএফ জওয়ানরা শুধু নিরাপত্তারক্ষার্থেই নয়, সমাজ সচেতনতা প্রসারেও যে সমানভাবে তৎপর, আজকের এই কর্মসূচি তারই প্রমাণ।
এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে কমান্ড্যান্ট শ্রী নকুল কুমার বর্মা ছাড়াও সিআইএসএফ ইউনিটের অন্যান্য পদস্থ আধিকারিক এবং জওয়ানরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নেন। জওয়ানদের এই পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।