একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার ফলতার বিধানসভার পুনর্নির্বাচনে দুরমুশ হয়েছে তৃণমূল। একসময়ের দাপুটে নেতা তথা ঘাসফুল প্রার্থী জাহাঙ্গির খান দাঁড়াতেই পারেননি বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সামনে। প্রায় দেড় লক্ষ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে মাত্র সাত হাজারের কিছু বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন জাহাঙ্গির খান। আর এর মাঝেই ডায়মন্ড হারবার পুরসভায় ফের বড়সড় রাজনৈতিক ধাক্কা। জানা গিয়েছে, একযোগে পদত্যাগ করেছেন ৮ জন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরে তাঁরা ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, পুরসভার মেয়াদ শেষ হতে এখনও প্রায় ৮ মাস বাকি থাকতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কাউন্সিলররা । পদত্যাগের পর তাঁরা অভিযোগ করেন, ডায়মন্ড হারবার এলাকায় বেআইনি নির্মাণ, একের পর এক পুকুর ভরাট এবং তোলাবাজির মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তাঁরা।
অন্যদিকে একই দৃশ্য উত্তর ব্যারাকপুরেও। হালিশহর, ভাটপাড়ার পর এবার উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ জন কাউন্সিলর এর মধ্যে ৩ জন মৃত।বাকি ২০ জনের মধ্যে চেয়ারম্যান মলয় ঘোষ সহ ১৫ জন আজ পদত্যাগ করলেন। সব কাউন্সিলরই তৃণমূলের। এই প্রসঙ্গে, পুর প্রধান মালা ঘোষ বলেন “যেভাবে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে পদ আঁকড়ে ধরে থেকে লাভ নেই। এবারের ভোটে আমরা এই পুরসভার আমরা সেরকম ভোট পাইনি জনগণের। ফলে আমাদের এটা নৈতিক পরাজয়।”