মালদহে চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার, রাখা হয়েছে ৯ সন্দেহভাজন বাংলাদেশীকে! সরকারি নির্দেশের পরই শুরু 3D অ্যাকশন
News18 বাংলা | ২৫ মে ২০২৬
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ।
অনুপ্রবেশ রোধে কড়া রাজ্য সরকার। মালদহে চালু হল হোল্ডিং সেন্টার। মালদহের ইংরেজবাজারের বাগবাড়িতে সরকারি ভবনে হোল্ডিং সেন্টার চালু করল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ইতিমধ্যেই ৯ জন বাংলাদেশিকে চিহ্নিত এবং আটক করে আনা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। মালদহের গাজলের পান্ডুয়া থেকে এই ৯ বাংলাদেশিকে আটক করে গাজোল থানার পুলিশ।
আটক করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তারা অবৈধ অনুপ্রবেশকারী। ধৃতরা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর ডিভিশনের মিঠাপুকুর থানা এলাকার একটি গ্রামে। ধৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক মহিলা তিনজন নাবালক এবং তিন জন নাবালিকা রয়েছে। রবিবার বিকেল নাগাদ তাদের আটক করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতরা দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিল। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা এরাজ্যে অনুপ্রবেশ করেছিল।
জানা গিয়েছে, আপাতত আটক বাংলাদেশীদের বাগবাড়ি এলাকায় স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র হিসেবে তৈরি ভবনে রাখা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরবর্তী সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও এনিয়ে প্রশাসনের কেউই কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, রাজ্য সরকারের হোল্ডিং সেন্টার চালু এবং বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার এবিষয়ে সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু, সাধারণ ভারতীয়রা যাতে দমন পীড়নের শিকার না হন তাও দেখা উচিত।