চাঁদা গ্রামে চোরের দাপট! এক রাতে পরপর ৪ বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না-নগদ
News18 বাংলা | ২৫ মে ২০২৬
: সীমান্ত এলাকার গ্রামে একের পর এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ছড়াল চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার চাঁদা গ্রামের নকপুল এলাকায় পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা গ্রামের চারটি বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে। বাড়ির সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে নগদ টাকা, সোনার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। এদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আশেপাশের এলাকায় কোন সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই এলাকায় চুরি ও দুষ্কৃতী কার্যকলাপ বেড়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও তুলেছেন তাঁরা। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন চাঁদা গ্রামের মানুষ। রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার কথা জানানো হয়েছে, কাঁটাতার বিহীন এলাকাগুলিতে। এখন দেখার সীমান্ত সুরক্ষা সম্পূর্ণ সুনিশ্চিত হলে এই ধরনের দুষ্কৃতীমূলক কাজকর্ম সীমান্ত এলাকায় কতটা রোখা সম্ভবপর হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে এ ধরনের পর পর চুরির ঘটনা বিগত সরকারের সময় ঘটলেও, বর্তমানে নতুন সরকারের জমানায় কিছুতেই বরদাস্ত করা হবে না। সে ক্ষেত্রে প্রশাসন কড়া হাতে ভূমিকা নেবে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।