এক বুথের রাস্তা রাতারাতি চলে গেল অন্য বুথে, স্থানীয়দের 'অ্যাকশনে' বেনিয়মের পর্দাফাঁস
News18 বাংলা | ২৫ মে ২০২৬
এক রাস্তা নির্মাণ চলে গেল অন্যত্র! হাড়োয়ায় রাস্তা নির্মাণ বন্ধ করলো গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুলটি গ্রাম পঞ্চায়েতের ৭৯ নম্বর বুথ এলাকায় চলতে থাকা একটি রাস্তার কাজ ঘিরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ তুলে রাস্তার নির্মাণ কাজ কার্যত বন্ধ করে দেন তাঁরা।
গ্রামবাসীদের দাবি, যে রাস্তাটি বর্তমানে নির্মাণ করা হচ্ছে সেটি আদতে ৭৯ নম্বর বুথের রাস্তা নয়। তাদের অভিযোগ, তেঘরিয়া ৭৬ নম্বর বুথের একটি রাস্তার কাজ স্থানান্তরিত করে কুলটি এলাকায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে শুরু থেকেই এলাকায় ক্ষোভ তৈরি হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, কাজের জন্য যে “ওয়ার্ক স্কেডিউল” বা সরকারি কাজের বিবরণীর সঙ্গে বাস্তবে হওয়া রাস্তার কোনও মিল নেই। কাজের নির্ধারিত স্থান ও প্রকল্পের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে বলেও দাবি তাদের।
এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা রাস্তার কাজ বন্ধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাঁদের বক্তব্য, প্রকৃত তথ্য প্রকাশ না করে এবং নিয়ম মেনে কাজ না করেই রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ বাড়ছে।
অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এই রাস্তার কাজ করা হচ্ছে। কোনও অনিয়ম করা হয়নি বলেও তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।