• ‘এই বিশ্বকে শিশুর বাসযোগ্য...!' বীরভূমের পিছিয়ে পড়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন নয়া বিধায়ক, কৃষ্ণকান্তকে ‘ভগবান’ মানছেন দিনমজুর অভিভাবকেরা
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • : ‘এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ কবি সুকান্ত ভট্টাচার্যের এই কালজয়ী বাণীকে বুকে ধারণ করেই পথ চলছে বীরভূমের ডেউচা জামবুনি আদিবাসী পাড়ার এই ছোট্ট পাঠশালা। দীর্ঘ বহু বছর ধরে এই অঞ্চলের পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার আলো পাচ্ছে। আর এই মহৎ উদ্যোগের নেপথ্যে যিনি রয়েছেন তিনি আর কেউ নন বীরভূম জেলার সাঁইথিয়ার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।

    রাজনৈতিক ও প্রশাসনিক চরম ব্যস্ততার মাঝেও নিজের সদিচ্ছায় নিজের হাতে গড়া পাঠশালাকে ভুলে যাননি তিনি। আজ আবারও তিনি ফিরে এলেন চেনা আঙ্গিনায়। বিধায়ক হওয়ার পর শুধুমাত্র পরিদর্শনে আসাই নয় তিনি নিজেই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ক্লাস নিলেন ক্ষুদে পড়ুয়াদের। কচিকাঁচা বাচ্চাদের সঙ্গে কাটালেন অনেকটা ভালবাসার সময়। কৃষ্ণকান্তবাবুর মতে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যারা গড়ে তুলবে এক নতুন পশ্চিমবঙ্গ এক নতুন ভারত।

    এদের মধ্যে থেকেই উঠে আসবে আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক থেকে শুরু করে বিজ্ঞানী। সমাজের এই মূল সম্প্রদায়ের পাশে দাঁড়াতে এবং তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তিল তিল করে গড়ে ওঠা এই পাঠশালা আজ আদিবাসী শিশুদের স্বপ্ন পূরণের এক নতুন দিশা দেখাচ্ছে।

    বাচ্চাদের পরিবারের সদস্য অর্থাৎ তাদের বাবা মায়েরা জানাচ্ছেন “দিনমজুরের কাজ করি, চাইলেও ছেলেদের ভাল স্কুলে পড়াতে পাঠাতে পারি না, কৃষ্ণকান্ত বাবু আমাদের কাছে ভগবান হয়ে এসেছেন, তিনি আছেন বলেই আজ আমাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে।”
  • Link to this news (News18 বাংলা)