পাথর-মাটির বদলে নদীবাঁধের নিচে ঠাসা শুধুই ফাঁকা বস্তা, নামখানায় বড় জালিয়াতির অভিযোগ
News18 বাংলা | ২৫ মে ২০২৬
বর্ষার আগেই রাজনগরে বেহাল নদীবাঁধ সারানোর দাবি তুললেন স্থানীয়রা। প্রায় তিনমাস আগে চিনাই নদীতে ৫০০ মিটার বাঁধ মেরামত হয়েছিল। বাঁধের নীচের অংশে বাঁশ দিয়ে পাইলিং হয়। তারপর প্লাস্টিকের বস্তায় পাথর-কাঁকর ভর্তি করে ফেলার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। স্থানীয়দের দাবি কাজ না করে ফাঁকা বস্তা বাঁধের নীচের অংশে ঢুকিয়ে দেওয়া হয়।
বাঁধের নীচের অংশ থেকে প্রচুর ফাঁকা বস্তা উদ্ধার হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে নদীবাঁধ মেরামত করা হয়। কিন্তু নিয়ম মেনে কাজ হয় না। নিয়ম অনুযায়ী, বস্তার মধ্যে পাথর ভরে বাঁধের নীচের অংশ পাইলিং করার নিয়ম। কিন্তু ঠিকাদার সেই কাজ না করে ফাঁকা বস্তা ফেলে বাঁধ তৈরি করেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন।