• বাংলায় শুরু হয়ে গেল ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট! মুর্শিদাবাদে বাংলাদেশি পাকড়াও হতেই হোল্ডিং সেন্টারে পাঠাল পুলিশ, এবার?
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ‘ডিটেক্ট-ডিলিট এবং ডিপোর্ট’  নীতি লাগু করার ৪৮ ঘন্টার মধ্যেই  মুর্শিদাবাদ জেলায় তিন বাংলাদেশি নাগরিককে  আটক করে তাদের লালগোলায় তৈরি হওয়া ‘হোল্ডিং সেন্টারে’ পাঠালো মুর্শিদাদাবাদ জেলা প্রশাসন।

    মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালগোলা এবং ভগবানগোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই তিন বাংলাদেশি নাগরিক। পুলিশের হাতে ধরা পড়ার পর লালগোলার পদ্মা ভবনে যে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে সেখানেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে।

    সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এরপর তিন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের বাংলাদেশের ‘পুশ ব্যাক’ করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে পুলিশের আর গ্রেফতার করার দরকার নেই। তার পরিবর্তে পুলিশ ধৃত বিদেশি নাগরিকদেরকে সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে এবং বিএসএফ তাদের বাংলাদেশের পাঠিয়ে দেবে। এই সংক্রান্ত রিপোর্ট প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোরও নির্দেশ দিয়েছেন শুভেন্দুবাবু।

    মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই রাজ্য প্রশাসনের তরফ থেকে প্রত্যেক জেলার জেলাশাসককে একটি করে ‘হোল্ডিং ক্যাম্প’ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। সেখানে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের রাখা হবে । তাদের নাগরিকত্ব যাচাই হওয়ার পরই নিজের দেশে ‘পুশ ব্যাক’ করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই কাজে প্রায় ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে অনুমান। ততদিন ধৃত অনুপ্রবেশকারীরা ‘হোল্ডিং সেন্টারে’ থাকবেন।

    গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার লালগোলা এবং ভগবানগোলা সীমান্তের দু’টি এলাকা দিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকার তিন নাগরিক ধরা পড়েছেন। জেলা প্রশাসন সূত্রে ধৃত দুই ব্যক্তির নাম জানা গিয়েছে। তারা হলেন রাজু শেখ এবং নাইদ শেখ। সূত্রের খবর এই দু’জনকেই লালগোলা থেকে ধরা হয়েছে। তাদের বাড়ি যথাক্রমে  চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলায়।

    ভগবানগোলা থেকে যে বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে তার বাড়িও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।  সূত্রের খবর, এরা প্রত্যেকে চোরাচালানের সঙ্গে যুক্ত। জেলা প্রশাসনের নির্দেশে আপাতত তিন বাংলাদেশী নাগরিককে লালগোলার পদ্মা ভবনে তিন তলায় যে হোল্ডিং সেন্টার করা হয়েছে সেখানেই রাখা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)