প্রসূতি মৃত্যুর পরই তালা ঝুলল কাটোয়া নার্সিংহোমে, কেন তড়িঘড়ি বন্ধ করল স্বাস্থ্য দফতর?
News18 বাংলা | ২৫ মে ২০২৬
স্বাস্থ্য দফতরের তদন্তে নার্সিংহোমের পরিকাঠামোয় গলদ ধরা পড়ায় শহরের স্টেশন বাজারের কাটোয়া নার্সিংহোম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।
জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে সোমবার কাটোয়া সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল নার্সিংহোমে ভরতি থাকা দু’জন রোগীকে অন্যত্র সরিয়ে দিয়ে স্বাস্থ্য কর্মীরা নার্সিংহোমের কলাপসিবল গেটে তালা দিয়ে সিল-গালা করে দেয়।
গত মঙ্গলবার কাটোয়া নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে কেতুগ্রামের বাসিন্দা এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। প্রসূতির পরিবারের সদস্যদের লিখিত অভিযোগে জেলা স্বাস্থ্য দফতর এবং মহকুমা স্বাস্থ্যদফতর যৌথভাবে নার্সিংহোমে তদন্ত করেছিল। তদন্ত রিপোর্ট জেলা স্বাস্থ্য দফতরে জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
কাটোয়া নার্সিংহোমের অস্ত্রোপচারের যা পরিকাঠামো থাকা আবশ্যক তা ছিল না। রোগী পরিষেবার ক্ষেত্রে স্থায়ী রেসিডেন্সিয়াল চিকিৎসক থাকে না। কাটোয়ার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেন, যে লাইসেন্স নার্সিংহোম কর্ত্পক্ষ পেয়েছিল তদন্তে পর্যাপ্ত পরিকাঠামো হদিশ পাওয়া যায়নি বলে তা বাতিল করা হয়েছে। কাটোয়া নার্সিংহোমকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
কীভাবে মৃত্যু হয় প্রসূতির? পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে কাটোয়ার চিকিৎসক ডা. আর. এন. মণ্ডলের কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরীক্ষা করার পর দ্রুত সিজার অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। যদিও পরিবারের দাবি, এর আগে সুস্মিতার দুটি সন্তানই স্বাভাবিক প্রসবের মাধ্যমে হয়েছিল। পরিবারের অভিযোগ, আর্থিক সমস্যার কথা জানালে কম খরচে অপারেশনের আশ্বাস দিয়ে চিকিৎসকের পরামর্শেই কাটোয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সুস্মিতাকে। সেখানেই সিজার অপারেশন হয় এবং একটি সুস্থ সন্তানের জন্মও হয়।কিন্তু এরপরই আচমকা প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ।
পরিজনদের দাবি, প্রথমে তাঁদের জানানো হয়েছিল রোগী সুস্থ আছেন। পরে হঠাৎ ফোন করে বলা হয় অবস্থার অবনতি হয়েছে। এরপর তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে সুস্মিতাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে। ক্ষুব্ধ পরিজনেরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। অভিযোগে আরও জানা যায়, কাটোয়ার এই বেসরকারি নার্সিংহোমটির পরিকাঠামো এবং নিয়মকানুন লঙ্ঘনের জন্য কয়েক মাস আগেই বন্ধ রাখার নোটিস দেওয়া হয়েছিল। তারপরও বহাল তবিয়তে নার্সিংহোম চলছিল।