• আটকে থাকা প্যানেলে নিয়োগ কবে? চাকরিপ্রার্থীর প্রশ্ন শুনে শমীক বললেন...
    এই সময় | ২৫ মে ২০২৬
  • কলকাতায় বিজেপি অফিসের সামনে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন রাজ্যের চাকরিপ্রার্থীদের একাংশ। সোমবার রাজ্য বিজেপির সভাপতিকে সামনে পেয়ে নিজেদের অভিযোগের ঝাঁপি খুলে বসেন তাঁরা। রাজ্যে নতুন সরকার এসেছে, সেই সরকার যেন তাঁদের আটকে থাকা চাকরির বিষয়টি দেখে বলে দাবি করেন তাঁরা। বিভিন্ন চাকরির পরীক্ষায় প্যানেলে তাঁদের নাম রয়েছে বলে দাবি করেছেন তাঁরা, কিন্তু সেই প্যানেল থেকে নিয়োগ হয়নি বলে অভিযোগ। দ্রুত নিয়োগ করার আবেদন করেন তাঁরা।

    বিষয়টি শুনে শমীক ভট্টাচার্য বলেন, ‘এখনও মন্ত্রিসভা তৈরি হয়নি। জুনের প্রথম সপ্তাহের মধ্যে তৈরি হবে। তার পরেই যা কিছু পেন্ডিং রয়েছে। সহানুভূতির সঙ্গে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার।’ তিনি আরও বলেন, ‘ম্যালফাংশান হয়েছে, দুর্নীতি হয়েছে, যোগ্য মানুষের মেধা প্রতারিত হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। এগুলো আমার জানা, আপনারা যা বলছেন সেটা আমার জানা। আমি সরকার নই। আমি তো নির্দেশ দিতে পারি না। কিন্তু আমি সরকারকে বলব।’

    এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখার কথা জানিয়েছেন তিনি। শমীক ভট্টাচার্য বলেন, ‘আপনারা আস্থা রাখুন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গত পাঁচ বছর ধরে সব বঞ্চিত, প্রতারিত, অবহেলিত মানুষের সঙ্গে দেখা করেছেন। তাঁদের পাশে থেকেছেন। তিনি প্রতিটি বিষয় ভালো করে বোঝেন। আমাদের দলও তাঁর সঙ্গে রয়েছে। তিনি আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। একটু সময় দেবেন।’

    সোমবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার আয়োজন করেছিলেন। সেখানেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁদের। চাকরিপ্রার্থীদের একাংশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি দেখবেন।

  • Link to this news (এই সময়)