• দুই জেলা বাদে রাজ্যে ১০০ দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৫ মে ২০২৬
  • রাজ্যের সব দপ্তরের সচিবকে নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে একশো দিনের কাজ অর্থাৎ ভিবি জি-রামজি প্রকল্প (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় ১০০ দিনের কাজ শীঘ্রই শুরু হবে। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা থেকে এর আগের সরকারের সময় সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল ১০০ দিনের কাজ নিয়ে। এই দুই জেলা বাদে বাকি জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করতে বলা হয়েছে। সেই অভিযোগের তদন্ত ও খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই দুই জেলায় ওই প্রকল্প চালু করা হচ্ছে না।

    উল্লেখ্য, এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল পূর্বতন সরকারের আমলে। অভিযোগ ওঠায় এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। অভিযোগ ছিল, ২০২১ সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে ব্যাপক অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি।

    দীর্ঘ টালবাহানার মাঝে নির্বাচনের পরে রাজ্য পালাবদল হয়েছে। নতুন সরকার এসেই এই প্রকল্পে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এ দিনের বৈঠক। এই প্রকল্পের কাজ শুরু হলে রাজ্যের প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপারে অনেকটাই সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)