• হাওয়ায় দুলছেন মেসি, ভাঙা পড়তে চলেছে লেকটাউনে ৭০ ফুটের বিতর্কিত মূর্তি
    এই সময় | ২৫ মে ২০২৬
  • সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে কোমরের উপর বল রাখা বিশাল মূর্তি ভাঙা নিয়ে চর্চা এখনও পুরোপুরি শেষ হয়নি। এর মাঝেই এ বার নতুন করে শিরোনামে উঠে এল লেকটাউনের লিওনেল মেসির বিশাল মূর্তি। সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠার পর এই মূর্তিটিও ভেঙে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন থানার কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে গিয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে সোমবার রাতেই মূর্তি সরানোর কাজ শুরু হতে পারে বলে খবর।

    প্রসঙ্গত গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় এসে মেসি ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন। সেই সময় তা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই মূর্তিই এখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

    ভাঙা হতে পারে মেসির বিশাল মূর্তি

    কলকাতার ভিআইপি রোডের উপর রয়েছে প্রায় ৭০ ফুট উঁচু লিওনেল মেসির বিশাল মূর্তি। দূর থেকে দেখলেই চোখে পড়ে এই কাঠামো। শহরের ফুটবলপ্রেমীদের কাছে এটি দ্রুত আকর্ষণের জায়গা হয়ে উঠেছিল। বিশেষ করে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন বিশাল মূর্তি কলকাতায় তৈরি হওয়ায় অনেকেই উচ্ছ্বসিত ছিলেন।

    এই মূর্তি তৈরির দায়িত্বে ছিল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এই ক্লাবের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। তবে মূর্তি তৈরির পর থেকেই তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। বিতর্ক রয়েছে এখনও। কারণ, অনেকের মতে মেসির মুখের সঙ্গে মূর্তির মিল খুব বেশি নেই। বরং দাবি, এই মূর্তি দেখতে নাকি অনেকটা বলিউড অভিনেতা হৃতিক রোশনের মতো।

    স্থানীয়দের অভিযোগেই বাড়ল চাপ

    তবে শুধু চেহারা নিয়ে আলোচনা নয়, এ বার সামনে এসেছে নিরাপত্তার প্রশ্নও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেসির মূর্তিটি ঠিক ভাবে দাঁড়িয়ে নেই। জোর হাওয়া দিলেই সেটি নাকি দুলতে শুরু করছে। মূর্তির কাঠামো তলার মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে আশঙ্কা, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

    লেকটাউন থানায় এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এত বড় মূর্তি রাস্তার ধারে তৈরি হলেও প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ম মানা হয়নি। অভিযোগ, পূর্ত দফতরের অনুমতি বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) ছাড়াই এই কাজ করা হয়েছে।

    সোমবারেই করা হতে পারে বড় পদক্ষেপ

    পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি ঠিক থাকলে সোমবার রাতেই মূর্তি ভাঙার কাজ শুরু হতে পারে। তার আগে পুলিশ, পূর্ত দফতর এবং বিধাননগর পুরসভার আধিকারিকেরা জায়গাটি খতিয়ে দেখবেন। সব মিলিয়ে, যে মূর্তি কয়েক মাস আগেও ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র ছিল, সেটিই এখন নিরাপত্তা নিয়ে বিতর্কে ঘেরা।
  • Link to this news (এই সময়)