হ্যারি কেন থেকে ইয়ামাল, বিশ্বকাপ মাতাতে পারেন এই ৫ তারকা
এই সময় | ২৫ মে ২০২৬
তিন সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ ফুটবল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কয়েকজন মহাতারকার ফর্ম এবং ফিটনেস নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। আমেরিকা, মেক্সিকো এবং ক্যানাডা এ বার বিশ্বকাপ আয়োজন করছে। ইতিহাসে প্রথমবার ৪৮টি দলের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। এই বিশ্বকাপে নজর কাড়তে পারেন ৫ প্লেয়ার। দেখে নিন তালিকায় কারা:
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠতে পারেন, তবে রিয়াল মাদ্রিদে একটি চ্যালেঞ্জিং মরশুম কাটানোর পর বিশ্বকাপে কতটা পারফর্ম করতে পারবেন সেই দিকে নজর থাকবে সকলের। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তাঁর গোল করার পরিসংখ্যান দারুণ হলেও, গত দুই মরশুমে তিনি ক্লাবকে কোনও বড় ট্রফি দিতে পারেননি। মরশুমের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে তিনি দলকে ছেড়ে ছুটিতে চলে যান। যেটা ম্যানেজমেন্ট ও সমর্থকরা ভালোভাবে নেন নি। বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজ়ের করা সর্বোচ্চ ১৬টি গোলের রেকর্ড ছুঁতে এমবাপের আর মাত্র ৪টি গোল প্রয়োজন।
আর্লিং হ্যালান্ড (নরওয়ে)
নরওয়ের ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্লিং হ্যালান্ড অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে চলেছেন। বিশ্বকাপের বাছাইপর্বে নরওয়ের অপরাজিত থাকার পেছনে বড় অবদান রাখা এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ৮ ম্যাচে ১৬টি গোল করেছেন, যার মধ্যে ইতালির বিরুদ্ধে দুটি বড় জয় রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলের পরিসংখ্যান অবিশ্বাস্য, মাত্র ৪৯টি ম্যাচে তিনি দেশের হয়ে ৫৫টি গোল করেছেন।
মার্টিন ওডেগার্ডকে নিয়ে তৈরি হওয়া নরওয়ের বর্তমান সোনালী প্রজন্মের প্রধান মুখ হলেন হ্যালান্ড। তাদের এই টুর্নামেন্টের 'ডার্ক হর্স' হিসেবে ধরা হচ্ছে। গ্রুপ আই-তে ফ্রান্স এবং সেনেগালের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নরওয়েকে খেলতে হবে, তাই হ্যালান্ডকে তাঁর সেরা ফর্মে থাকাটা দলের জন্য অত্যন্ত জরুরি।
ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজ়িল)
নেইমার ব্রাজ়িল দলে ফিরলেও, তারা জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপের তারা বসাতে পারবে কি না, তা নির্ভর করবে ভিনিসিয়াসের পারফরম্যান্সের ওপর নির্ভর। রিয়াল মাদ্রিদে এমবাপের সঙ্গে তিনি রিয়াল মাদ্রিদে মঞ্চ শেয়ার করলেও এই বিশ্বকাপটা ভিনিসিয়াসের কাছে নিজেকে প্রমাণের সুযোগ। এই বিশ্বকাপ জিতে তিনি ব্যালন ডি'অর জিততে পারবেন। কারণ, দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা সত্ত্বেও রদ্রি ব্যালন ডি'অর জেতায়, ভিনিসিয়াস এবং তাঁর ক্লাব সতীর্থরা সেই অনুষ্ঠান বয়কট করেছিলেন।
তবে ক্লাবের হয়ে সফল হলেও ব্রাজ়িলের হয়ে তাঁর রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়; ৪৭টি ম্যাচ খেলে তিনি মাত্র ৮টি গোল করেছেন। গত বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। কাতার বিশ্বকাপে মাত্র একটি গোল করেছিলেন।
হ্যারি কেন (ইংল্যান্ড)
ইংল্যান্ডের অধিনায়ক এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন সম্ভবত তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন। তবে এই বিশ্বকাপে তাঁকে এগিয়ে রাখছে বায়ার্ন মিউনিখে তাঁর পারফরম্যান্স। এই মরশুমে ৫০ ম্যাচে ৫৮টি গোল করে বায়ার্নকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকতা দেখালেও গত ৬০ বছরে তারা বড় কোনও ট্রফি জিততে পারেনি।
লামিনে ইয়ামাল (স্পেন)
২০২৪ সালে স্পেনের ইউরো কাপ জয়ের প্রধান কারিগর লামিনে ইয়ামালের বিশ্বকাপে ঝড় তোলার স্বপ্ন অনেকটাই নির্ভর করছে কত দ্রুত তিনি হ্যামস্ট্রিং চোট সারিয়ে উঠছেন তার উপর। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময়ে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে আছেন এবং কেপ ভের্দে ও সৌদি আরবের বিরুদ্ধে প্রথম দুটি গ্রুপ ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনা রয়েছে। মরশুমের কিছুটা ধীরগতিতে শুরু করলেও, চোট পাওয়ার আগে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ে ২৪টি গোল করেছিলেন।