• প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক NEET পরীক্ষার্থীর আত্মহত্যা, বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ
    এই সময় | ২৬ মে ২০২৬
  • আত্মঘাতী আরও এক NEET পরীক্ষার্থী। এ বার এই আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে। ওই পরীক্ষার্থীর বাবার দাবি, পরীক্ষা বাতিল হওয়ার পরে মানসিক অবসাদের জেরে এই আত্মহত্যার ঘটনা। এই নিয়ে পুলিশকেও জানিয়েছেন তিনি। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মৈথিলী অশোক সোনওয়ানে (Maithili Ashok Sonwane) (১৮)। তাঁর বাড়ি লাতুরের গোন্দেগাঁও গ্রামে। চলতি বছরে NEET পরীক্ষা দিয়েছিলেন তিনি। গত ১৬ মে সকালে মৈথিলী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    তবে, এত দিন পরে এই নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ওই পরীক্ষার্থীর বাবা অশোক বিট্টাক সোনওয়ানে (Ashok Vitthal Sonwane) । রবিবার এই নিয়ে থানায় লিখিত বিবৃতি দিয়েছেন তিনি। ওই ছাত্রীর বাবার দাবি, প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পরে তীব্র মানসিক চাপে ছিলেন মৈথিলী।

    পেশায় কৃষক অশোক জানিয়েছেন, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন তাঁর মেয়ে। নিট-ইউজি (NEET-UG) ভালো হয়েছে বলে জানিয়েছিলেন মৈথিলী। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার ফলে পরীক্ষায় সন্তোষজনক ফল বলেও নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় তিনি বিচলিত এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এই মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন তাঁর মেয়ে বলেও পুলিশকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন অশোক।

    সোমবার, লাতুরের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করেছেন তাঁরা।

    প্রসঙ্গত, গত ৩ মে নেওয়া হয়েছিল NEET-UG পরীক্ষা। কিন্ত মেডিক্যালে ভর্তির প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় গত ১২ মে এই পরীক্ষা বাতিল করে দেন কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত শুরু করে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে CBI। আগামী ২১ জুন আবার ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    ওই পরীক্ষা বাতিল হওয়ার পরে আত্মঘাতী হয়েছেন একাধিক পরীক্ষার্থী।  রাজস্থানের এক পরীক্ষার্থী ছাড়াও আত্মঘাতী হয়েছেন দিল্লি এবং কর্নাটকের কালাবুর্গী জেলার ছাত্রীও।

  • Link to this news (এই সময়)