১০০ দিনের মধ্যেই রাজ্যের বাণিজ্য ক্ষেত্রে পরিবর্তন!
আজকাল | ২৬ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নতুন বিনিয়োগের আকর্ষণ বাড়াতে এবং শিল্পপতি ও ব্যবসায়ীদের সুবিধায় বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিচালিত রাজ্য সরকার। সোমবার যার ইঙ্গিত দিলেন সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন 'ভারত চেম্বার অফ কমার্স' আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিষয়ে জানিয়েছেন তিনি।
শমীক জানিয়েছেন, "আমি বিজনেস 'কমিউনিটি'কে জানাতে চাই আগামী ১০০ দিনের মধ্যে তাঁরা রাজ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন কিছু দেখতে পাবেন।" তবে ঠিক কী কী বিষয় নিয়ে এই পরিবর্তন আসতে চলেছে তা বিশদে কিছু জানাননি তিনি।
চেম্বারের পক্ষ থেকে এদিন বিজেপি রাজ্য সভাপতির কাছে রাজ্যের জমিনীতি ও অন্যান্য নানা বিষয় নিয়ে আলোকপাত করা হয়। পরবর্তী সময়ে নিজের বক্তব্যে শমীক জানান, সরকার জমি নীতিতে পরিবর্তন আনতে চলেছে। অভিযোগ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "প্রকৃতি-সহ নানা সুবিধা ছাড়াও আমাদের রয়েছে তিনটি সীমান্ত। কিন্তু আমরা যেটা আনতে পারিনি সেটা হল বিনিয়োগ। এর আগের সরকারের আমলে আমাদের 'জমি নীতি' ছিল না। কারণ, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জানিয়েছিলেন যে এক ফোঁটা জমিও তিনি অধিগ্রহণ করবেন না। বর্তমান রাজ্য সরকার নতুন জমি নীতি নিয়ে আলোচনা চালাচ্ছে।"
রাজ্যে পূর্বতন সরকারের আমলে ব্যবসায়ীদের থেকে 'তোলা' আদায়ের অভিযোগ উঠেছিল। এদিন শমীক দ্ব্যর্থহীন ভাষায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "নিশ্চিন্ত মনে ব্যবসা করুন। ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য।" শমীকের কথায়, রাজ্যের উন্নতির জন্য বৃহৎ শিল্পের একান্ত প্রয়োজন।
সদ্য দিল্লি থেকে ফিরেছেন শমীক। সেখানে তাঁর সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, "অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্যের উন্নতির জন্য অর্থের অভাব হবে না। রাজ্য সরকারী কর্মীদের ডিএ বা অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে বিজেপি আগে যা বলেছিল সেটাই করবে। আগামী ১ জুন থেকে বিষয়টি প্রত্যক্ষ করা যাবে।"
এদিন চেম্বার-এর পক্ষ থেকে রাজ্য বিজেপি সভাপতিকে সম্বর্ধনা প্রদান করা হয়। উদ্বোধনী ভাষণ দেন ভারত চেম্বার অফ কমার্স-এর সভাপতি নরেশ পাচিশিয়া। বক্তব্য পেশ করেন চেম্বারের ১২৫ তম উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ড. এনজি খৈতান। ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত চেম্বার অফ কমার্স-এর সহ সভাপতি রমেশ আগরওয়াল।