আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুর পেরিয়ে বিকেল গড়াচ্ছে। আচমকা জোর চর্চা রাজ্য রাজনীতিতে। আচমকা কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে হানা পুলিশের? প্রশ্ন উঠছিল, এর সঙ্গে কি যোগ রয়েছে পুরসভার পাঠানো নোটিসের?
তবে কিছুক্ষণেই স্পষ্ট হয় বিষয়টি। সিভিল এবং সাদা উর্দি পরা পুলিশেরা অভিষেকের বাড়িতে ঢুকে, কিছুক্ষণে বেরিয়েও যান। জানা গিয়েছে বিশেষ একটি ডিভাইস সংক্রান্ত বিষয়েই পুলিশ গিয়েছিল অভিষেকের বাড়ি। সেখান থেকে একটি মনিটর বের করে নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তেমনটাই।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তাঁর বাড়ির সামনে থেকে যেমন গার্ডরেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভিতরের স্ক্যানারও। প্রত্যাহার করে নেওয়া হয়, জেড প্লাস নিরাপত্তা। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও।
গত কয়েকদিন ধরে, অভিষেক ব্যানার্জিকে পরপর নোটিস পাঠানো নিয়েও তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। নোটিস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এর আগেই জানা গিয়েছিল, কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট দুই বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। পাশাপাশি ওই বাড়িগুলির সমস্ত নির্মাণকাজ কলকাতা পুরসভার অনুমোদন নিয়ে হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।