স্থানীয়দের অভিযোগের ছড়াছড়ি, সেই হাসপাতাল পরিদর্শনে বিধায়ক রুদ্রনীল ঘোষ
News18 বাংলা | ২৬ মে ২০২৬
নিখাত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোনা জগদীশপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন এবং স্বাস্থ্য বিষয়ক বৈঠক সারলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। স্বাস্থ্যকেন্দ্রে আরও উন্নত পরিষেবা, আধুনিকীকরণ এবং নিরাপত্তার দিক উন্নত করার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত হাওড়া জেলায় বিভিন্ন পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সজাগ জেলা প্রশাসন।
স্থানীয় বিধায়করা স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখছেন। এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ, কোনা জগদীশপুর গ্রামীণ হাসপাতালে হাজির হন। হাজির ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক। কোনা জগদীশপুর গ্রামীণ হাসপাতালে পরিষেবা বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয় অভিজিৎ দত্ত এবং শুভদীপ নন্দী জানান, এ হাসপাতাল বিভিন্ন সমস্যায় জর্জরিত। চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট মানুষ। স্থানীয় একটি অষুধ দোকানের সঙ্গে যোগসূত্র রেখে রোগীদের প্রেসক্রাইব করা হয় বলে মারাত্মক অভিযোগ তাঁদের।
তাঁরা বলছেন, হাসপাতালে অসাধু চক্র কাজ করেছে। এক কথায় এখানে অবৈধ কাজের আখড়া। সব মিলিয়ে সাধারণ মানুষের কথায় গত কয়েক বছরে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা দারুনভাবে বিপর্যস্ত। বৈঠক শেষে শিবপুর কেন্দ্র বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক থেকেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের রূপরেখা তৈরি হয়। গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আধুনিকীকরণ এবং পরিষেবার দিক থেকে উন্নত করে জেলা হাসপাতালে চাপ কমানোর লক্ষ্য রয়েছে।
এ প্রসঙ্গে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত জানান, চিকিৎসা পরিষেবার উন্নতি করার পাশাপাশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা বিষয়ে অবগত করা। হাসপাতালের পরিষেবার উন্নতির পাশাপাশি যন্ত্রপাতি এবং হাসপাতালের লেবার রুমের পরিকাঠামোর উন্নতি প্রয়োজন। সিজার পরিষেবা চালু এবং অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক। তাঁদের নানা সমস্যার কথা শোনার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান অবস্থা ঘুরে দেখেন তিনি।