রাজ্যের নতুন CEO নীলম মীনা, এলেন মনোজ আগরওয়ালের জায়গায়
আজ তক | ২৬ মে ২০২৬
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) করা হল নীলম মীনাকে। আজ সোমবারই তাঁকে দায়িত্বভার তুলে দেওয়া হয়। তিনি মনোজ আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন।
নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলম মীনাকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হয়েছে। তিনি শ্রী মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হবেন। নীলম মীনার বাসভবন ও দফতরের ঠিকানা এবং টেলিফোন/ফ্যাক্স নম্বর তিনি দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গেই কমিশনকে জানানো হবে।
২০২৬ সালের বিধানসভা ভোটে CEO-র দায়িত্বে ছিলেন মনোজ আগরওয়াল। তবে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর তাঁকে রাজ্যের মুখ্যসচিবের পদ দেওয়া হয়। তখন থেকে দুই পদের দায়িত্বই সামলাচ্ছিলেন তিনি।
কমিশন সূত্রের খবর, নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসুর নাম CEO পদের জন্য পাঠানো হয়েছিল। তবে কমিশনের তরফে নীলম মীনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নীলম মীনা পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৮ ব্যাচের একজন IAS। তিনি ভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালে এই পদে ছিলেন তিনি। এছাড়াও তিনি সংশোধনাগার প্রশাসন দফতরের সচিব, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের সচিব এবং ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিরেক্টর পদেও কাজ করেছেন।