কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক অঞ্জন অধিকারীকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, দালালদের চক্করে পড়ে রোগী হেনস্থার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি রাজ্য সরকার।
বাংলার হাসপাতাল গুলিতে ‘রেফার’ সংস্কৃতির অবসান ঘটাতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে গত ১৫ মে SSKM হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক এবং কলকাতার ১২টি মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, ‘যদি ন্যূনতম শয্যাও খালি থাকে, রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তি নিতেই হবে।’
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রোগীদের রেফার করা হচ্ছিল বলে অভিযোগ। এর পরেই এ দিন কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যালের সুপারিটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল চিকিৎসক অঞ্জন অধিকারীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তাঁর জায়গায় নতুন MSVP হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মেডিক্যালেরই জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক শান্তনু সেনকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিদায়ী সুপারিটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারীকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগে অধ্যাপকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিন (২৫ মে) থেকেই নতুন নির্দেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।