• কয়েক বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন, নাম বদলে বানিয়েছিলেন পরিচয়পত্রও! নদিয়ায় পুলিশের জালে বাংলাদেশী যুবক
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই পশ্চিমবঙ্গে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই রাজ্যের সব জেলায় অবৈধ বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানোর আগে রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ বেশ কয়েকটি জেলায় হোল্ডিং সেন্টার চালুও হয়ে গিয়েছে৷

    এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে গেলেন রাজ্যে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশী৷ জানা গিয়েছে ধৃত যুবকের নাম মহম্মদ তহিদুল ইসলাম৷ তাঁকে গ্রেফতার করেছে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ৷

    পুলিশ সূত্রে খবর, পলাশীপাড়া থানার বারুইপাড়ায় দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসবাস করছিলেন ওই বাংলাদেশী যুবক৷ ওই যুবকের আসল নাম মহম্মদ তহিদুল ইসলাম। তিনি বাংলাদেশের মেহেরপুর সদর থানার সিংহটি পশ্চিমপাড়ার বাসিন্দা। বেশ কয়েক বছর আগে ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন তহিদুল।

    অভিযোগ, এ দেশে আসার পর পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করে বসবাস শুরু করেন তহিদুল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পলাশীপাড়া থানার পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর পর তাঁর আসল পরিচয় প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়। আজ তাঁকে তেহট্ট মহাকুমা আদালতে তোলা হবে।

    কয়েকদিন আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট-এর কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে ধৃত অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷

    রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের ফরেনার্স ব্রাঞ্চ-এর পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ সব জেলার জেলাশাসকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, অবৈধ ভাবে এ দেশে বসবাস করার অভিযোগে যে বিদেশি নাগরিকরা ধরা পড়বেন অথবা জেল থেকে মুক্তি পাওয়া বিদেশি নাগরকিদের তাঁদের দেশে ফেরত পাঠানো অথবা প্রত্যর্পণের আগে এই হোল্ডিং সেন্টারগুলিতেই রাখা হবে৷
  • Link to this news (News18 বাংলা)