৫ ঘণ্টা অপেক্ষার পরও দেখা করলেন না জেলাশাসক! জাহাঙ্গির ঘনিষ্ঠ বলে অভিযোগ, মুখে কুলুপ বিতর্কিত বিডিও শানু বক্সির
News18 বাংলা | ২৬ মে ২০২৬
তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ রয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ হিসেবেও তাঁর নাম উঠে এসেছে৷ এই সমস্ত অভিযোগের সামনে কার্যত মুখ লুকোলেন ফলতার প্রাক্তন বিডিও, বর্তমানে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও শানু বক্সি।
এ দিন দুপুরে মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপূরের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন বিতর্কিত এই বিডিও৷ যদিও মালদহের জেলাশাসক তাঁর সঙ্গে দেখা করেননি৷ প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যান সরকারি এই আধিকারিক৷ জেলাশাসকের দফতর থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের সামনেও কার্যত মুখ লুকিয়ে পালান তিনি৷
আজ দিনভর শানু বক্সিকে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে নিজের অফিসে দেখা যায়নি৷ দুপুরের পর তিনি এসে পৌঁছন মালদহের জেলাশাসকের দফতরে। যদিও জেলাশাসকের সঙ্গে তাঁর কোনওরকম সাক্ষাৎ হয়নি। অতিরিক্ত জেলাশাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। বেশিরভাগ সময় তাঁকে অপেক্ষা করতে দেখা যায় মালদহের জেলাশাসকের দফতরের লাউঞ্জে। দীর্ঘ কয়েক ঘণ্টা লাউঞ্জে কাটিয়ে সন্ধ্যা সাতটায় বেরিয়ে যান তিনি।
প্রসঙ্গত, জাহাঙ্গিরের সুপারিশেই শানু বক্সিকে ফলতার বিডিও করা হয় বলে প্রথম অভিযোগ তোলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি৷ শানু বক্সির সঙ্গে জাহাঙ্গির খানের যোগাযোগের প্রমাণ হিসেবে দু জনের বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি৷ অভিযোগ, জাহাঙ্গির খানের অনৈতিক এবং বেআইনি কাজে এই মহিলা সরকারি অফিসারের মদত ছিল৷
ফলতা থেকেই শানু বক্সিকে মালদহের হরিশচন্দ্রপুর -১ ব্লকের বিডিও হিসেবে বদলি করা হয়৷ গত ৩০ মার্চ নতুন দায়িত্ব নেন তিনি৷