• Breaking News Live: ফের প্যারোলে ‘ছুটি’ গুরমীতের, এই নিয়ে ১৬ বার!
    এই সময় | ২৬ মে ২০২৬
  • ঝড়-বৃষ্টিতে তছনছ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকা। গত এক সপ্তাহ ধরে লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। যার ফলে প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। সোমবার রাতের ঝড়বৃষ্টির কারণে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার পুরসভার হোর্ডিং পোস্ট ভেঙে পড়েছে। জলঘর এলাকায় রাস্তার উপরে বড় বড় গাছ উপড়ে পড়েছে। অবরুদ্ধ বালুরঘাট-তপন রাস্তা। যেতে পারছে না কোনও গাড়ি। কামারপাড়া চিঙ্গিশপুর এলাকায় ঝড়ে একাধিক গাছ ভেঙে পড়েছে।

    ডেরা সাচ্চা সৌদা প্রধান জেলবন্দি গুরমীত রাম সিং ফের প্যারোলে মুক্ত। এ বার ৩০ দিনের জন্য। ২০১৭ সাল থেকে এই নিয়ে ১৬ বার প্যারোলে ছাড়া পেলেন তিনি। বিতর্কিত ধর্মগুরুকে চলতি বছরের জানুয়ারিতে ৪০ দিনের জন্য প্যারোলে ছেড়েছিল হরিয়ানা সরকার। মঙ্গলবার তাঁকে ৩০ দিনের জন্য প্যারোলে ছাড়া হলো। তাঁকে ফের জেলে ফিরতে হবে ২৪ জুন। দুই মহিলা শিষ্যকে ধর্ষণের অভিযোগে তাঁকে ২০১৭ সালে ২০ বছর কারাবাসের সাজা দিয়েছিল আদালত। বর্তমানে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন তিনি। ডেরা সাচ্চা সৌদা-র মুখপাত্র ও আইনজীবী জিতেন্দ্র খুরানা জানিয়েছেন, প্যারোলে সিরসার সদর দপ্তরে থাকবেন গুরমীত।

    গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ আসে পুলিশের হাতে। তার পরেই এই গ্রেপ্তার। আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

    ভারতীয় শেয়ার বাজার খুলতেই সেনসেক্স পড়ল ১৩০ পয়েন্টের বেশি, নিফটিও ৩০ পয়েন্ট পড়েছে। অথচ সোমবারই বাজার পৌঁছেছিল গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে। তবে ইরানে আমেরিকার নতুন করে ‘সেল্ফ ডিফেন্স’ স্ট্রাইকের পরেই ভারতীয় শেয়ার মার্কেটেও উদ্বেগের ছবি। অন্যদিকে মঙ্গলবার CNG প্রতি কেজিতে ২ টাকা দাম বেড়েছে। এ দিন থেকেই বর্ধিত মূল্যে এই জ্বালানি কিনতে হবে ক্রেতাদের।

    নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরের রঙের কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর, রঙের কারখানা হওয়ায় নানা রকম রাসায়নিক মজুত ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

    উত্তরপ্রদেশের উন্নাও জেলায় আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ছ’জনের। গুরুতর জখম ১২ জন। পুলিশ জানিয়েছে, বেসরকারি একটি বাস দিল্লি থেকে বিহার যাচ্ছিল। বাসে ৩০ জন যাত্রী ছিলেন। অউরাস থানা এলাকায় চালক রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাস রাস্তায় উল্টে যায়। জখম ১২ জনকে লখনৌয়ের ট্রমা সেন্টারে ও জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    তিন জেলাকে নিয়ে কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলা।

    স্বর্ণব্যবসায়ী খুনে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন BDO প্রশান্ত বর্মন। চার মাস পরে সোমবার রাতে তাঁকে আটক করা হয় নিউ টাউন থেকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। নিউ টাউনের ইকোপার্ক এলাকায় এক পথচারীকে ধাক্কাও মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। আজ কী আপডেট হয় এই খবরের, নজর সে দিকেই। পড়ুন বিস্তারিত

    সকাল থেকেই কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা। দু এক পশলা বৃষ্টিও হতে পারে আজ, মঙ্গলবার। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝেঁপে বৃষ্টি হতে পারে বুধবার। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া।

  • Link to this news (এই সময়)