প্রবল বৃষ্টিতেও দাউদাউ করে জ্বলছে নারকেল গাছ, ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গেল সবার
News18 বাংলা | ২৬ মে ২০২৬
শান্তিপুরে বজ্রপাতে নারকেল গাছে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার। নদিয়ার শান্তিপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরী বের লেনে বজ্রপাতে আতঙ্ক ছড়াল এলাকায়। সোমবার গভীর রাতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই আচমকা বিকট শব্দে বাজ পড়ে একটি নারকেল গাছে। মুহূর্তের মধ্যেই গাছটির মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্রবল বৃষ্টির মধ্যেও আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, সন্তোষ কুমার দে-র বাড়ির পাশেই ছিল ওই নারকেল গাছটি। সেই সময় পরিবারের সকল সদস্য ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ প্রবল শব্দে বাজ পড়তেই গোটা এলাকা কেঁপে ওঠে। এরপরই দেখা যায় গাছের উপরের অংশে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা ও বিকট শব্দে চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যেও আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা প্রায় আধঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন যাতে বাড়ির দিকে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা হয়। শেষ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভেতরে কিছুটা খোলা জায়গা থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। গাছ থেকে আগুনের কিছু অংশ নিচে পড়লেও বাড়িতে আগুন লাগেনি। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন।
পরিবারের সদস্য সন্তোষ কুমার দে বলেন, “বিকট শব্দে সবাই ভয় পেয়ে যাই। বাইরে বেরিয়ে দেখি নারকেল গাছের মাথায় ভয়ংকর আগুন জ্বলছে। এত বৃষ্টির মধ্যেও আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।” এই ঘটনার পর এলাকায় বজ্রপাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বর্ষাকালে বজ্রপাতের ঘটনা ক্রমশ বাড়ছে। প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।