• জেলায় জেলায় কালবৈশাখীর আশঙ্কা, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
    আজ তক | ২৬ মে ২০২৬
  • সোমবারের পর মঙ্গলবারেও ফের জেলায় জেলায় কালবৈশাখীর শঙ্কা। সোমবার রাজ্যের একাধিক জেলায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, এদিনও সেই একই ধাঁচে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে আশা দেখাচ্ছে IMD। তবে জেলায় জেলায় বৃষ্টি হলেও, কলকাতায় কি আদৌ বৃষ্টি হবে? জেনে নেওয়া যাক কী বলছে হাওয়া অফিস।

    কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। IMD-র তরফে সোমবার রাতের পূর্বাভাসে জানানো হয়েছে, শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। ফলে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এদিনও বজায় থাকবে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।

    ২৪ মে রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৫ মে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। বৃষ্টির আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কলকাতাবাসী।

    দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গে মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া পৌঁছতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। 

    তবে শুধুমাত্র ঝড়-বৃষ্টি না। গরমে চাঁদিফাটার জোগাড় হতে পারে অনেকেরই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

     
  • Link to this news (আজ তক)