একদিকে তীব্র দহনে পুড়ছে বঙ্গ। অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখীর তাণ্ডব। পৃথক দুই জায়গায় মৃত্যু হয়েছে মোট দু’জনের। বজ্রাঘাতে ও গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হয় তাঁদের। জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালবাগ এলাকার পীরতলা গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
মৃতের নাম বাসন্তী মন্ডল (৫০)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা কাজলী পাল। হঠাৎই এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রতিদিনের মতো মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন বাসন্তী মন্ডল। ঝড়-বৃষ্টির মধ্যে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় আচমকাই একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হন কাজলী পাল নামে আরও এক মহিলা।
তাঁকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তিনি। পুলিশ বাসন্তী মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হরিনারায়নপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক চাষির। পুলিশ জানিয়েছে মৃতের নাম জাগু রাজবংশী (৬৩)। চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন। আর তখনই বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই পৃথক দুই ঘটনায় শোকের পরিবেশ নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।